অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠলেন লক্ষ্য সেন। ছবি: পিটিআই।
ইতিহাস থেকে আর দু’ধাপ দূরে লক্ষ্য সেন। অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠলেন এই ব্যাডমিন্টন তারকা। আর দু’টি ম্যাচ জিতলেই প্রকাশ পাডুকোন এবং পুল্লেলা গোপীচন্দের পর তৃতীয় ভারতীয় হিসাবে এই খেতাব জিতবেন বাঙালী লক্ষ্য।
বার্মিংহামে শুক্রবার পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে চীনের লি শিফেংকে সরাসরি গেমে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছেছেন লক্ষ্য। ইউটিলিটা অ্যারেনায় মাত্র ৪৫ মিনিটের লড়াইয়ে জেতেন লক্ষ্য। বিশ্বের ৬ নম্বর শিফেংকে ২১-১৩, ২১-১৬ ব্যবধানে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দেন ১২ নম্বর র্যাঙ্কিংধারী এই ভারতীয়। মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে এটি লক্ষ্যের তৃতীয় সেমিফাইনাল।
ফাইনালে ওঠার লড়াইয়ে তিনি কানাডার ভিক্টর লাই এবং জাপানের কোকি ওয়াতানাবের মধ্যে বিজয়ীর মুখোমুখি হবেন। এই টুর্নামেন্টে লক্ষ্যের রেকর্ড ভাল। ২০২২ সালে তিনি রানার-আপ হয়েছিলেন। ফাইনালে ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে হেরেছিলেন। ২০২৪ সালে সেমিফাইনালে জোনাথন ক্রিস্টির কাছে হেরে তাঁর দৌড় থেমেছিল।
প্রথম র্যালি থেকেই লক্ষ্য ছিলেন অত্যন্ত আক্রমণাত্মক। নিখুঁত স্ম্যাশ এবং প্লেসমেন্টের মাধ্যমে তিনি ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন। শুধু আক্রমণ নয়, লক্ষ্যের রক্ষণভাগও ছিল দেখার মতো। অনেক ক্ষেত্রে রক্ষণ থেকেই তিনি প্রতি-আক্রমণ শানিয়ে চীনের খেলোয়াড়কে পর্যুদস্ত করে দেন। তাঁর চমৎকার ব্যাকহ্যান্ড ড্রপগুলো খেলায় বাড়তি মাত্রা যোগ করেছিল।
প্রথম গেমে লক্ষ্য দ্রুত ৯-৪ ব্যবধানে এগিয়ে যান এবং শিফেংকে থিতু হওয়ার কোনও সুযোগই দেননি। দ্বিতীয় গেমে কিছুটা লড়াই হলেও শেষ মুহূর্তে মাথা ঠান্ডা রেখে ২১-১৬ ব্যবধানে গেম ও ম্যাচ জিতে নেন তিনি।
শিফেংয়ের কাছে টানা তিন হারের পর এই ম্যাচে জিতলেন লক্ষ্য। এর আগে তিনি হংকংয়ের এনজি কা লং আঙ্গাস এবং চীনের শি ইউকির বিরুদ্ধেও টানা হারের পর এ বারের প্রতিযোগিতায় জয় ছিনিয়ে নিয়েছেন।