lionel messi and donald trump

মেসি হোয়াইট হাউসে আসছেন, জানতেনই না ‘কাজে ব্যস্ত’ থাকা ট্রাম্প, লিয়োর সামনেই রোনাল্ডোর প্রসঙ্গ টানলেন আমেরিকার প্রেসিডেন্ট

আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর প্রথম বার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করতে গেলেন লিয়োনেল মেসি। ট্রাম্প জানালেন, মেসি যে হোয়াইট হাউসে আসছেন সে কথা তিনি জানতেনই না!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ২৩:০২
football

ট্রাম্পের (ডান দিকে) হাতে সই করা বল তুলে দিচ্ছেন মেসি। ছবি: রয়টার্স।

আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর প্রথম বার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করতে গেলেন লিয়োনেল মেসি। এমএলএস কাপ জেতার সুবাদে ইন্টার মায়ামি দলকে সংবর্ধনা দেওয়া হয় হোয়াইট হাউসের তরফে। সেখানে ছিলেন মেসিও। তাঁর সামনেই ট্রাম্প জানালেন, মেসি যে হোয়াইট হাউসে আসছেন সে কথা তিনি জানতেনই না!

Advertisement

অনুষ্ঠানে মেসি কোনও কথা বলেননি। তবে তাঁর সামনে ট্রাম্প প্রায় ২৫ মিনিট ভাষণ দেন। শুরু করেন এই বলে, “আমরা আজ সত্যিকারের প্রতিভাবানদের সম্মানিত করছি। অতীতে আমেরিকার কোনও প্রেসিডেন্ট যে কথা উচ্চারণ করতে পারেনি সে কথাই আমি বলছি, হোয়াইট হাউসে তোমায় স্বাগত লিয়োনেল মেসি।”

ছেলে ব্যারনের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, “আজ আমাকে ছেলে বলছিল, ‘বাবা, হোয়াইট হাউসে কে আসছে জানো’? আমি বলেছিলাম, ‘না তো। আসলে আমি তো অন্য কাজে খুব ব্যস্ত’। তখন ও বলল, ‘মেসি আসছে’।”

এ কথা শুনে মেসি এবং বাকিরা সকলেই হেসে ওঠেন। এর পর ট্রাম্প বলেন, “ও তোমার খুব বড় সমর্থক। ও মনে করে তুমি একজন দারুণ মানুষ। মনে হয় কিছু ক্ষণ আগেই তোমার সঙ্গে ওর দেখা হয়েছে। আসলে ও ফুটবলের সমর্থক। তার চেয়েও বেশি করে তোমার সমর্থক। তা ছাড়া রোনাল্ডো নামের একজন ভদ্রলোকও রয়েছে। ক্রিশ্চিয়ানো দারুণ মানুষ। তুমিও দারুণ মানুষ।” উল্লেখ্য, কিছু দিন আগেই সৌদি আরব সরকারের প্রতিনিধিদের সঙ্গে হোয়াইট হাউসে এসে ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

মেসির প্রশংসা এখানেই শেষ করেননি ট্রাম্প। তিনি আরও বলেন, “লিয়ো, তুমি এসেছো এবং জিতেছো। এই কাজ করা খুবই কঠিন। বাকিরা যতটা জানে, তার চেয়েও বেশি চাপ তোমার উপরে থাকে। কারণ তুমি সব সময়ে জিতবে এটাই লোকে চায়। কিন্তু কেউই সব সময় জিততে পারে না। তুমি বিশ্বের যে কোনও জায়গায় যেতে পারতে। যে কোনও দলে খেলতে পারতে। তা-ও মায়ামিকে বেছে নিয়েছো। আমি দোষ দিচ্ছি না। ওখানকার আবহাওয়া খুব সুন্দর। তুমি কি ডোরালে গিয়ে কখনও গলফ খেলেছো?”

বৃহস্পতিবার রাতের অনুষ্ঠানে উঠে এসেছে পেলের প্রসঙ্গও। নিউ ইয়র্ক কসমসের হয়ে পেলের খেলার প্রসঙ্গ উত্থাপন করে ট্রাম্প বলেন, “তুমি বোধহয় পেলের চেয়েও ভাল।” তার পরেই উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন করেন, “কে বেশি ভাল?” প্রায় প্রত্যেকেই চিৎকার করে মেসির নাম নেন। মৃদু হেসে ট্রাম্প বলেন, “আমারও তাই মনে হয়।”

Advertisement
আরও পড়ুন