নোভাক জোকোভিচ। ছবি: রয়টার্স।
আর অঘটন ঘটল না ফরাসি ওপেনে। ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জোকোভিচ ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন। তবে এক সেট খোয়াতে হল তাঁকে। ইগা শিয়নটেক অবশ্য স্ট্রেট সেটে জিতলেন। তবে এ দিনও গরমে লাল সুরকির কোর্টে খেলতে সমস্যা হল খেলোয়াড়দের। মাঝে মাঝে বিরতি নিতে হচ্ছিল তাঁদের।
পুরুষদের তৃতীয় বাছাই জোকোভিচের খেলা ছিল নেদারল্যান্ডসের ভ্যালেন্টিন রোয়ারের বিরুদ্ধে। চার সেটের লড়াইয়ে (৬-৩, ৬-২, ৬-৭, ৬-৩) জিতলেন নোভাক। প্রথম দুই সেট জিততে বিশেষ সমস্যা হয়নি জোকোভিচের। অবাছাই রোয়ার যে তাঁর সামনে খুব বেশি প্রতিরোধ গড়তে পারবেন না তা বোঝা যাচ্ছিল।
কিন্তু তৃতীয় সেটে ফিরলেন রোয়ার। খেলা গড়াল টাইব্রেকারে। সেখানে হারলেন জোকোভিচ। প্রথম রাউন্ডেও এক সেট খুইয়েছিলেন জোকোভিচ। ফলে দুই রাউন্ডেই স্ট্রেট সেটে জিততে পারলেন না তিনি। তবে চতুর্থ সেটে আবার দেখা গেল পুরনো জোকোভিচকে। গোটা ম্যাচে ছ’বার রোয়ারের সার্ভিস ভাঙেন জোকোভিচ। তবে তাঁর সার্ভিসও দু’বার ভাঙেন রোয়ার। পরের রাউন্ডের আগে নিজের সার্ভিস নিয়ে আরও একটু সতর্ক হতে হবে তাঁকে।
মহিলাদের তৃতীয় বাছাই শিয়নটেককে অবশ্য বেশি পরিশ্রম করতে হয়নি। চেকিয়ার সারা বেজ়লেককে স্ট্রেট সেটে (৬-২, ৬-৩) হারান তিনি। গোটা ম্যাচে প্রতিপক্ষের সার্ভিস সাত বার ভাঙেন শিয়নটেক। তবে তাঁর সার্ভিসও চার বার ভাঙেন প্রতিপক্ষ। ফলে সহজ জয়ে পরের রাউন্ডে গেলেও সার্ভিস নিয়ে চিন্তা বাড়বে মহিলাদের প্রাক্তন এক নম্বরের।