Palak Gulia-Mukesh NelaValli Wins Gold

বিশ্বকাপে বিশ্বরেকর্ড করে সোনা ভারতীয় জুটির! অলিম্পিক্স পদকজয়ীদের হারিয়ে শুটিংয়ে চ্যাম্পিয়ন পলক-মুকেশ

শুটিংয়ের বিশ্বকাপে সোনা জিতেছেন পলক গুলিয়া ও মুকেশ নেলাভাল্লি। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে বিশ্বরেকর্ড করে সোনা জিতেছেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৩:৪৯
sports

মুকেশ নেলাভাল্লি (বাঁ দিকে) ও পলক গুলিয়া। ছবি: এক্স।

শুটিংয়ে নতুন তারকার জন্ম ভারতে। গ্রানাডায় আয়োজিত শুটিংয়ের বিশ্বকাপে সোনা জিতেছেন পলক গুলিয়া ও মুকেশ নেলাভাল্লি। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে বিশ্বরেকর্ড করে সোনা জিতেছেন তাঁরা।

Advertisement

পলক ও মুকেশ হারিয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন চিনা জুটি কাই হু ও কিয়ানসুন ইয়াওকে। প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী জুটি হাঙ্গেরির ভেরোনিকা মেজর ও আকোস নাগাইকেও হারিয়েছেন তাঁরা।

মুকেশ এই প্রথম সিনিয়র স্তরে খেললেন। তিনি ফাইনালের যোগ্যতা অর্জন পর্বে ২৯৪ পয়েন্ট স্কোর করেন। পলক স্কোর করেন ২৮৭ পয়েন্ট। চিনা জুটির ঠিক পিছনেই ছিলেন তাঁরা। এক ঘণ্টা পরে ফাইনালে চিনা জুটিকে ২.৯ পয়েন্টে হারান তাঁরা। পলক ও মুকেশ স্কোর করেন ৪৮৭.৭ পয়েন্ট। বিশ্বকাপের মিক্সড ইভেন্টে এটি বিশ্বরেকর্ড।

শুটিংয়ের বিশ্বকাপে মিক্সড টিম ইভেন্টে আগে ফাইনালে দু’টি জুটির মধ্যে লড়াই হত। কিন্তু এখন লড়াই হয় চারটি জুটির মধ্যে। ফলে প্রতিযোগিতা অনেক বেড়েছে। ফাইনালে প্রথম তিনটি রাউন্ডে প্রত্যেক শুটার পাঁচটি করে শট মারেন। অর্থাৎ, প্রতিটি দল প্রতি রাউন্ডে ১০টি করে মোট ৩০টি শট মারে। তার পর পয়েন্টে চার নম্বরে থাকা জুটি বাদ যায়। পরের রাউন্ডে তিনটি করে ছ’টি শট মারে প্রতি দল। সেই রাউন্ডের পর একটি জুটি বাদ যায়। তার পরের রাউন্ডই শেষ। সেখানেও তিনটি করে ছ’টি শটের পর যে জুটি শীর্ষে থাকে তারা চ্যাম্পিয়ন হয়।

সোনা জিতে মুকেশ বলেন, “ভারতের হয়ে সিনিয়র স্তরে এটা আমার প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা। নিজের সেরাটা দিয়েছি। ফাইনালে স্নায়ুর চাপ ধরে রেখেছিলাম। আমি আর পলক নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছিলাম। কে বেশি স্কোর করতে পারে সেই লড়াই চলছিল। সেই লড়াই করতে গিয়েই চ্যাম্পিয়ন হয়েছি।”

২০২৪ সালে ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টের জুনিয়র বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিলেন মুকেশ। চলতি বছর এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার পিস্তল প্রতিযোগিতাতেও মিক্সড টিম ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।

চ্যাম্পিয়ন হয়ে মুকেশকে কৃতিত্ব দিয়েছেন পলক। তিনি বলেন, “মিক্সড টিম ইভেন্টে জুটির মধ্যে বোঝাপড়া আসল। নতুন ফরম্যাটে চারটে দল ফাইনালে খেলে। ফলে লড়াই আরও বেশি। ফলে শুরুটা ভাল হওয়া জরুরি। আমরা সেটা করতে পেরেছি। আমি অবশ্য মুকেশের সঙ্গে নয়, আমার নিজের সঙ্গে লড়াই করছিলাম। মুকেশ আমার কাজটা সহজ করে দিয়েছে।”

Advertisement
আরও পড়ুন