Pakistan Hockey Team

খেলতে গিয়ে মাজতে হয়েছিল বাসন, বিশ্বকাপে সুযোগ পেতেই হকি খেলোয়াড়দের চাকরির প্রস্তাব পাক ক্রিকেট বোর্ডের প্রধানের

পাকিস্তানের হকি দল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। তাই হকি খেলোয়াড়দের পুরস্কার দিতে চান পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৬:৫৮
sports

পাকিস্তান হকি দলের কয়েক জন খেলোয়াড়। ছবি: এক্স।

নজর দেয়নি হকি সংস্থা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলতে গিয়ে বাসন পর্যন্ত মাজতে হয়েছিল খেলোয়াড়দের। তার পরেও ২০২৬ সালের হকি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান। তাই হকি দলের পুরস্কার দিতে চান পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি।

Advertisement

কঠিন পরিস্থিতির মধ্যেও যে ভাবে পাকিস্তানের হকি দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে তার প্রশংসা করেছেন নকভি। তিনি আশাবাদী, বিশ্বকাপেও পাকিস্তান ভালই করবে। নকভি জানিয়েছেন, পাকিস্তানের হকি খেলোয়াড়দের পাক ক্রিকেট বোর্ডে চাকরি দিতে চান তিনি। পাশাপাশি খেলোয়াড়দের ফিটনেস ও চিকিৎসার দায়িত্ব পাকিস্তান ক্রিকেট বোর্ড নেবে বলেও জানিয়েছেন তিনি।

যোগ্যতা অর্জন পর্বে সেমিফাইনালে জাপানকে হারিয়ে হকি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান। ইতিমধ্যেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে ভারত, ইংল্যান্ড, জার্মানি, নিউ জ়িল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, বেলজিয়াম, স্পেন, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও আয়ারল্যান্ড। সেই তালিকায় যোগ দিয়েছে পাকিস্তান। তবে ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেছে পাকিস্তান।

অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে চরম হেনস্থার মুখে পড়তে হয়েছে পাকিস্তানের খেলোয়াড়দের। তাঁদের জন্য হোটেলে যে ঘর ভাড়া ছিল, তার বিল মেটায়নি পাকিস্তান হকি সংস্থা। ফলে হোটেলের রান্নাঘর পরিষ্কার করতে হয়েছে খেলোয়াড়দের। মাজতে হয়েছে বাসন। বাধ্য হয়ে কমদামি হোটেলে কয়েকটি ঘরে গাদাগাদি করে খেলোয়াড়দের কাটাতে হয়েছে। সেই পরিস্থিতিতেও খেলোয়াড়দের সাফল্যের পুরস্কার দিতে চান নকভি।

হকি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল পাকিস্তান। সবচেয়ে বেশি চার বার (১৯৭১, ১৯৭৮, ১৯৮২ ও ১৯৯৪) বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে তারা। নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও জার্মানি তিন বার করে জিতেছে। অলিম্পিক্সে তিনটি সোনাও রয়েছে পাকিস্তান হকি দলের। তবে গত কয়েক বছরে পাকিস্তানের হকির মান কমেছে। ২০২৩ সালের ভারতে আয়োজিত বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি তারা।

Advertisement
আরও পড়ুন