T20 World Cup 2024

ঝড়, বন্ধ বিমানবন্দর, বিশ্বকাপ জিতে বার্বাডোজ়েই আটকে রোহিতেরা, কী ভাবে ফিরবেন দেশে?

শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ়‌ থেকে এখনও রওনাই দিতে পারেনি দল। হারিকেন ‘বেরিল’-এর কারণে বার্বাডোজ়েই আটকে রয়েছে ভারতীয় দল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুন ২০২৪ ২৩:৪০
cricket

রোহিত শর্মা। — ফাইল চিত্র।

শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। বিরাট কোহলি, রোহিত শর্মাদের দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন সমর্থকেরা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ়‌ থেকে এখনও রওনাই দিতে পারেনি দল। হারিকেন ‘বেরিল’-এর কারণে বার্বাডোজ়েই আটকে রয়েছে ভারতীয় দল।

Advertisement

হারিকেন ‘বেরিল’ তৈরি হয়েছে অতলান্তিক মহাসাগরে। তা এগিয়ে আসছে বার্বাডোজ়ের দিকে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ২১০ কিলোমিটার। এই মুহূর্তে বার্বাডোজ়ের দক্ষিণ-পূর্ব দিকে ৫৭০ কিলোমিটার দূরে রয়েছে সেটি। ব্রিজটাউন বিমানবন্দর রবিবার স্থানীয় সময় বিকেল থেকে বন্ধ হয়ে যাওয়ার কথা রয়েছে।

বার্বাডোজ় থেকে ভারতীয় দলের বিমানে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল। সেখান থেকে দুবাইয়ে। তার পর মুম্বইয়ের উদ্দেশে পাড়ি দিত বিমান। কিন্তু এখন পরিস্থিতির কারণে সূচিতে বদল করতে হচ্ছে। গোটা দলকে চার্টার্ড বিমানে দেশে ফিরিয়ে আনা যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। তবে কবে রোহিতেরা রওনা হবেন, তা জানা যায়নি।

সংবাদ সংস্থাকে বোর্ডের এক সূত্র বলেছেন, “বার্বাডোজ় থেকে ভারতীয় দলের নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল। সেখান থেকে দুবাই হয়ে ভারতে ফেরার কথা। এখন পরিকল্পনা হল, চার্টার্ড বিমানে সোজা দিল্লি ফিরে আসা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কথাও রয়েছে।”

ভারতীয় দলে ক্রিকেটার, কোচিং স্টাফ, পরিবারের সদস্য এবং কর্তা মিলিয়ে প্রায় ৭০ জন রয়েছেন। সবাই একসঙ্গে ফিরবেন বলেই মনে করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন