Viral Video

না পড়িয়ে শসা খাচ্ছিলেন! অভিভাবক প্রশ্ন তোলায় তাঁরই সন্তানদের বার করে দিলেন প্রাথমিকের শিক্ষিকা, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি মধ্যপ্রদেশের শেওপুর জেলার মাতাসুলা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে। অভিভাবকদের একাংশের অভিযোগ, তাঁরা স্কুলে গিয়ে দেখেন যে তাঁদের ছেলেমেয়েরা শিক্ষক-শিক্ষিকা ছাড়াই শ্রেণিকক্ষে বসে রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ১০:০১
Video shows female teacher allegedly pushing students from classroom after parent questions her in Madhya Pradesh’s Sheopur

ছবি: এক্স থেকে নেওয়া।

খুদে পড়ুয়াদের ধাক্কা মেরে ক্লাস থেকে বার করে দিচ্ছেন সরকারি স্কুলের শিক্ষিকা। চিৎকার করছেন পড়ুয়ার অভিভাবকের উপরেও। ঘটনাটি শনিবার মধ্যপ্রদেশের শেওপুরের একটি সরকারি স্কুলে ঘটেছে। শিক্ষিকার ছাত্রছাত্রীদের ওপর চিৎকার করতে করতে তাদের ধাক্কা দিয়ে ক্লাস থেকে বার করে দেওয়ার একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি শেওপুর জেলার মাতাসুলা গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে। অভিভাবকদের একাংশের অভিযোগ, তাঁরা স্কুলে গিয়ে দেখেন যে তাঁদের ছেলেমেয়েরা শিক্ষক-শিক্ষিকা ছাড়াই শ্রেণিকক্ষে বসে রয়েছে। এ-ও অভিযোগ উঠেছে যে, এক শিক্ষিকা শ্রেণিকক্ষে পড়ানোর পরিবর্তে ‘পার্টি করছিলেন এবং শসা খাচ্ছিলেন’। যখন একজন অভিভাবক এর প্রতিবাদ করেন, তখন ওই শিক্ষিকা তাঁর সন্তানদের শ্রেণিকক্ষ থেকে ঘাড়ধাক্কা দিয়ে বার করে দেন এবং বলেন, “আমি ওদের পড়াব না। ওদের আর কখনও স্কুলে আনবেন না।” এমনকি ওই অভিভাবক এবং তাঁর সন্তানদের উপর চিৎকারও করেন শিক্ষিকা।

সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় শিক্ষিকাকে খুদে এক ছাত্র এবং ছাত্রীকে শ্রেণিকক্ষ থেকে ধাক্কা দিয়ে বার করে দিতে স্পষ্ট ভাবে দেখা গিয়েছে। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করে রাখেন ওই দুই খুদের বাবা। তাঁকে বলতে শোনা যায়, ‘‘ম্যাডাম বাচ্চাদের তাড়িয়ে দিচ্ছেন। এই শিক্ষিকা কখনও বাচ্চাদের ক্লাস নেন না। কিচ্ছু শেখান না। বসে বসে খাচ্ছিলেন।’’ ভিডিয়োয় পরে ওই শিক্ষিকাকে বাকি শিক্ষার্থীদের ইংরেজি শেখানোর ভান করতে দেখা যায়।

ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর তা ইতিমধ্যেই হইচই ফেলেছে মধ্যপ্রদেশ জুড়ে। কর্তৃপক্ষ জানিয়েছেন, ভিডিয়োটি যাচাই করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তদন্তও শুরু করা হয়েছে বিষয়টি নিয়ে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন