Viral Video

৬৫ ইঞ্চি! চুপিচুপি বিশেষ পণ্য অর্ডার করল পুত্র, ডেলিভারি কর্মী পৌঁছোতেই মাথায় হাত মায়ের, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির প্রধান দরজার সামনে একটি বড় টিভির বাক্স নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক ডেলিভারি কর্মী। ডেলিভারি এজেন্টের সামনেই এক তরুণী বধূ তাঁর ছোট ছেলেকে বকাবকি করছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ০৭:৫৮
Video shows mother confront son for ordering big tv without her knowledge

ছবি: এক্স থেকে নেওয়া।

আজকাল ছোট শিশুরাও মোবাইল ফোন ব্যবহারে বেশ দক্ষ হয়ে উঠেছে। খেলার ছলে অনেক সময় তারা এমন কিছু করে বসে যা কেউ কল্পনাও করতে পারে না। ফল ভোগ করতে হয় বাবা-মাকে। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োয় দেখা গিয়েছে, এক শিশু তার মায়ের মোবাইল ফোন ব্যবহার করে গোপনে ৬৫ ইঞ্চির একটি টিভি অর্ডার করে ফেলেছে। টিভিটি যখন বাড়িতে পৌঁছোয়, তখন মা বিষয়টি জানতে পারেন। এর পর যা ঘটে, তা নিয়ে সমাজমাধ্যমে বেশ আলোচনা শুরু হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির প্রধান দরজার সামনে একটি বড় টিভির বাক্স নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক ডেলিভারি কর্মী। ডেলিভারি এজেন্টের সামনেই এক তরুণী বধূ তাঁর ছোট ছেলেকে বকাবকি করেন। সামান্য মারধরও করেন। পরে জানা যায়, মা-বাবার অজ্ঞাতে বড় টিভি অর্ডার করেছে খুদেই। রাগের মাথায় তরুণী বার বার পুত্রকে জিজ্ঞাসা করেন, কেন সে এমনটা করেছে। জবাবে শিশুটি বলে, বাড়ির টিভিতে মা সব সময় সিরিয়াল দেখেন। তাই কার্টুন দেখার জন্য সে আলাদা একটি টিভি চেয়েছিল। এ কথা শুনে অবাক হয়ে মা তাকে আবারও বকাবকি এবং মারধর করতে থাকেন। ভিডিয়োয় তাঁকে মজা করে বলতেও শোনা যায় যে, পুত্রকেও যেন নিয়ে চলে যান ডেলিভারি কর্মী। এর পর ডেলিভারি কর্মীকে তরুণী জানান, সকালে তাঁর ছেলে মোবাইল দেখছিল এবং নিজেই টিভিটি অর্ডার করে ফেলে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি করা হয়েছে, খুদে যে টিভিটি অর্ডার করেছিল, সেটি ৬৫ ইঞ্চির।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অবন্তিকা ঋষিশ্বর’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। শিশুদের হাতে ফোন দেওয়ার বিষয়ে উদ্বেগও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘শিশুকে বকাবকি না করে তাকে দিয়ে ঘরের কাজ করানো উচিত ছিল।’’ অন্য এক জন আবার প্রশ্ন তুলেছেন, ‘‘কারও নজরে না পড়েই কী ভাবে এত বড় একটি অর্ডার দেওয়া সম্ভব হল! হতে পারে মা নিজেই টিভিটি অর্ডার করেছিলেন এবং পরে মজা করার ছলে দোষটা ছেলের উপর চাপিয়েছেন।’’

Advertisement
আরও পড়ুন