Viral Video

ভুল করে বেশি ভাড়া দেন যাত্রী, বুঝতে পেরে সেই অর্থ দিয়ে অদ্ভুত কাণ্ড ঘটালেন অটোচালক! ভাইরাল ভিডিয়োয় হইচই

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নাগপুরের এক অটোচালক এক যাত্রীর কাছ থেকে ভাড়াবাবদ ভুলবশত ৫০ টাকা বেশি পাওয়ার পর সেই অর্থ অপরিচিত মানুষদের মুখে হাসি ফোটাতে ব্যবহার করেছেন। তাঁর সেই কাজ মন জয় করে নিয়েছে নেটপাড়ার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ০৭:৪৯
Video shows Nagpur auto driver gets 50 rupees extra as fare from passenger, what he does with the money stunned internet

ছবি: ইনস্টাগ্রাম।

যাত্রীর কাছ থেকে ৫০ টাকা বাড়তি পেয়েছিলেন এক অটোচালক। আর তা পেয়ে তিনি যা করলেন তা নজর কেড়েছে নেটপাড়ার। ঘটনাটি নাগপুরের। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নাগপুরের এক অটোচালক এক যাত্রীর কাছ থেকে ভাড়াবাবদ ভুলবশত ৫০ টাকা বেশি পাওয়ার পর সেই অর্থ অপরিচিত মানুষদের মুখে হাসি ফোটাতে ব্যবহার করেছেন। তাঁর সেই কাজ মন জয় করে নিয়েছে নেটপাড়ার। নাগপুরের ওই অটোচালকের নাম রাজেন্দ্র টেমরে। ইনস্টাগ্রামে তিনি ‘রাজু বাবা’ নামে পরিচিত। ইনস্টাগ্রামে এই হৃদয়স্পর্শী ভিডিয়ো শেয়ার করেছেন রাজেন্দ্র। ভিডিয়োয় তিনি দেখিয়েছেন, এক যাত্রী ভুল করে ৫০ টাকা বেশি দেওয়ার পর তিনি সেই টাকা দিয়ে কী করেছিলেন।

ভিডিয়োয় দেখা গিয়েছে, অটো চালাতে চালাতেই রাজেন্দ্র বলেন যে তিনি সবেমাত্র বুঝতে পেরেছেন এক যাত্রী তাঁকে ভাড়ার চেয়ে ৫০ টাকা বেশি দিয়ে ফেলেছেন। অতিরিক্ত টাকা নিজের পকেটে না ভরে তিনি সিদ্ধান্ত নেন, সেই অর্থ দিয়ে অপরিচিত মানুষদের সাহায্য করবেন তিনি। এর পর অটো চালানোর সময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া এক বৃদ্ধাকে দেখতে পান রাজেন্দ্র। অটো থামিয়ে বৃদ্ধা কোথায় যাবেন তা জিজ্ঞাসা করেন। বৃদ্ধার কাছে উত্তর পেয়ে রাজেন্দ্র বলেন, ‘‘আমিও ওই দিকেই যাচ্ছি। আসুন ভেতরে বসুন। আমরা দু’জনেই একই দিকে যাচ্ছি।’’ প্রথমে কিছুটা দ্বিধা করলেও শেষ পর্যন্ত ওই বৃদ্ধা বিনামূল্যে অটোয় চড়তে রাজি হন। বৃদ্ধাকে নামিয়ে দেওয়ার আগে রাজু তাঁকে ১০ টাকার একটি নোট দেন। জানান, যেহেতু এক যাত্রীর কাছ থেকে তিনি ৫০ টাকা বেশি পেয়েছেন, তাই তিনি চান ওই বৃদ্ধাও সেই অর্থের কিছুটা অংশ নিজের কাছে রাখুন।

এর পর রাজেন্দ্র আবার যাত্রা শুরু করেন। শীঘ্রই তীব্র গরমে হেঁটে যাওয়া এক বৃদ্ধের দেখা পান তিনি। আবারও গাড়ি থামান। এক বোতল জল কিনে দেন। বাড়তি টাকা থেকে আরও ১০ টাকা তাঁকে দেন। মোট ২০ টাকা বিলিয়ে দেওয়ার পর তিনি ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে বলেন, তাঁর কাছে এখনও ৩০ টাকা অবশিষ্ট আছে এবং তিনি ভাবছেন কী ভাবে সেই টাকা অন্যদের মধ্যে ভাগ করে দেওয়া যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে রাজেন্দ্র ইনস্টাগ্রাম হ্যান্ডল ‘রাজুবাবা_৮৬’ থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। অনলাইনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। নেটাগরিকদের অনেকে মন্তব্য করেছেন, অটোচালকের কাজ প্রমাণ করে যে উদারতা কেবল টাকার পরিমাণের উপর নির্ভর করে না, বরং তা নির্ভর করে অন্যের সঙ্গে তা ভাগ করে নেওয়ার মানসিকতার উপর। অনেকে আবার আশা প্রকাশ করেছেন, রাজেন্দ্রর ভিডিয়োটি দৈনন্দিন জীবনে অন্য মানুষদেরও ভাল কাজ করতে উৎসাহিত করবে।

Advertisement
আরও পড়ুন