ম্যাচ হেরে আছাড় মেরে র্যাকেট ভাঙছেন ড্যানিল মেদভেদেভ। —ফাইল চিত্র।
জরিমানা হয়েছে ড্যানিল মেদভেদেভের। গত সপ্তাহে মন্টে কার্লো মাস্টার্সে ম্যাচ হারার পর কোর্টে সাত বার র্যাকেটের আছাড় মারেন তিনি। সেই কারণে জরিমানা করা হয়েছে তাঁকে। সাড়ে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে টেনিস তারকার।
টেনিসের ক্রমতালিকায় ১০ নম্বরে থাকা মেদভেদেভকে জরিমানা করেছে এটিপি। তবে এর আগে আরও বড় জরিমানা হয়েছিল তাঁর। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে ৭০ লক্ষ টাকা ও ইউএস ওপেনে ৪০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল তাঁকে। মন্টে কার্লো মাস্টার্সে খেলতে নেমে সাড়ে ৪৬ লক্ষ টাকা পেয়েছেন মেদভেদেভ। তার মধ্যে সাড়ে ৬ লক্ষ টাকা জরিমানা হিসাবে দিতে হয়েছে তাঁকে।
মন্টে কার্লো মাস্টার্সে ইটালির মাত্তেও বেরেত্তিনির বিরুদ্ধে একটিও গেম জিততে পারেননি মেদভেদেভ। ০-৬, ০-৬ (ডবল ব্যাগেল) হারেন পুরুষদের টেনিসের প্রাক্তন এক নম্বর। খেলা শেষ হওয়ার অপেক্ষা করেননি মেদভেদেভ। দ্বিতীয় সেটের মাঝামাঝি সময়ে হঠাৎ দেখা যায়, লাল সুরকির কোর্টে মোট সাত বার র্যাকেটের আছাড় মারেন মেদভেদেভ। ভেঙে যায় র্যাকেট। তার পর সেটি ডাস্টবিনে ফেলে দেন মেদভেদেভ। নতুন র্যাকেট নিয়ে খেলা শুরু করেন তিনি। তাতে বিশেষ লাভ হয়নি মেদভেদেভের। একটি গেমও জিততে পারেননি রুশ তারকা।
দ্বিতীয় সেটে যখন মেদভেদেভ ০-২ গেমে পিছিয়ে রয়েছেন, তখনই বেসলাইনের ধারে র্যাকেট ভাঙেন তিনি। সেটা দেখে দর্শকেরা বিদ্রুপও করেন তাঁকে। এই ঘটনা ভাল ভাবে দেখেননি চেয়ার আম্পায়ার। জরিমানা হতে পারে মেদভেদেভের। আগেও মেজাজ হারিয়ে র্যাকেট ভেঙে জরিমানা দিতে হয়েছে তাঁকে। আবার সেই সম্ভাবনা রয়েছে।
বেরেত্তিনির র্যাঙ্কিং ৯০। ওয়াইল্ড কার্ড হিসাবে সুযোগ পেয়েছেন এই ইটালীয় খেলোয়াড়। তার সামনেই খেই হারালেন মেদভেদেভ। সেই কারণেই হয়তো আরও বেশি মেজাজ হারান তিনি। ৪৯ মিনিটে খেলা জিতে বেরেত্তিনি বলেন, “আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি মেদভেদেভকে হারিয়ে দেব। এই ধরনের ঘটনা তো খুব বেশি ঘটে না। এখনও ঘোর কাটছে না।” খেলা শেষে অবশ্য অপেক্ষা করেননি মেদভেদেভ। ব্যাগ তুলে কোর্ট ছেড়ে বেরিয়ে যান তিনি।