—প্রতীকী ছবি।
ভার্চুয়াল ঠিকানা বদলের সুযোগ করে দিচ্ছে গুগ্ল। বহু বছর আগে তৈরি করা ইউজ়ার আইডি পছন্দ না হলে সেই ঠিকানা পরিবর্তন করতে পারবেন জিমেলের গ্রাহকেরা। গুগ্লের সিইও সুন্দর পিচাই একটি এক্স পোস্টে জিমেলের একটি নতুন বৈশিষ্ট্যের কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, গুগ্ল শীঘ্রই ব্যবহারকারীদের প্রাথমিক জিমেলের ঠিকানা পরিবর্তন করার সুযোগ দেবে। এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের তাদের বর্তমান ডেটা না হারিয়েই একটি নতুন জিমেল অ্যাড্রেসে স্থানান্তরিত হওয়ার সুযোগ দেবে। ইমেল, ড্রাইভ ফাইল, ছবি এবং অন্যান্য পরিষেবাগুলো অক্ষুণ্ণ থাকবে।
বহু বছর আগে তৈরি করা কোনও ইমেলের ঠিকানা এখন আর বয়ে বেড়ানোর প্রয়োজন নেই। গুগ্ল সিইও রসিকতা করে পোস্টে লেখেন যে, ‘‘জিমেল ২০০৪ সালে চালু হলেও আপনার জিমেইল ঠিকানার সেই সময়ের সঙ্গে আটকে থাকা উচিত নয়।’’ অর্থাৎ জিমেল গ্রাহক যদি তাঁর পুরনো মেলের নামটিকে বিদায় জানাতে চান, তা হলে এই নতুন বৈশিষ্ট্যটি তাঁকে সেই সুযোগ করে দেবে।
পুরনো ঠিকানাকে বিদায় জানাতে গুগ্ল অ্যাকাউন্টের সেটিংসে গিয়ে নাম বেছে নিতে হবে (চুজ় এনি নেম অ্যাভেলেব্ল)। পুরনো ইউজ়ার নেম থেকে যাবে এবং গ্রাহক দু’টি আইডি দিয়েই সাইন ইন করতে পারবেন। পুরনো ইমেল আইডিটি একটি বিকল্প ঠিকানা হিসাবে অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থেকে যাবে। এর অর্থ হল, ব্যবহারকারীরা এতে পাঠানো ইমেল দেখতে এবং সাইন ইন করতে এটি ব্যবহার করতে পারবেন। আপাতত সমস্ত ব্যবহারকারী এই সুবিধাটি পাবেন না বলে গুগ্ল জানিয়েছে। ফিচারটি পর্যায়ক্রমে চালু করা হবে। এই পরিবর্তনের ফলে ‘সাইন ইন উইথ গুগ্ল’ এবং ক্রোম সিঙ্কের মতো পরিষেবাগুলিতে সামান্য বিঘ্ন ঘটতে পারে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সংস্থাটি ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ তথ্য ব্যাক আপ করে রাখার পরামর্শ দিয়েছে।