Bizarre

সাড়ে ২৭ কোটি নগদ, সঙ্গে ১৪ কোটির বাড়ি! বসের প্রস্তাবে স্বামীকে ছাড়লেন তরুণী, ৪৫ কোটি ক্ষতিপূরণ চাইলেন স্বামী

সংস্থার এক অধস্তন কর্মীকে অদ্ভুত প্রস্তাব দিয়েছেন মার্কিন ধনকুবের। সংস্থার শেয়ার, নগদ অর্থ, রিয়েল এস্টেট চুক্তি এবং বিলাসবহুল ভ্রমণের প্রস্তাব দেওয়া হয় বিবাহিত ও দুই সন্তানের জননী ওই তরুণীকে। এমনটাই দাবি করেছেন তরুণীর স্বামী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০০
A married real estate mogul is accused of offering a female subordinate more than 3-million

ছবি: প্রতীকী।

স্বামীকে ছেড়ে দিলে কয়েক কোটি টাকা নগদ উপহার। সঙ্গে দামি সম্পত্তি ও বিলাসবহুল জীবন কাটানোর প্রস্তাব। বিবাহিত অধস্তন কর্মচারীকে সংসার ছেড়ে বেরিয়ে আসার জন্য ৩০ লক্ষ ডলারেরর (সাড়ে ২৭ কোটি টাকারও বেশি) প্রস্তাব দিয়ে শিরোনামে এসেছেন মার্কিন রিয়্যাল এস্টেট সংস্থার খ্যাতনামী ধনকুবের। রিয়েল ব্রোকারেজ নামে ওই সংস্থার প্রধানের বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন তরুণীর স্বামী। ওই দম্পতির দু’টি সন্তান রয়েছে।

Advertisement

সংবাদমাধ্যম ‘ডেলি মেল’-এর প্রতিবেদন অনুসারে মাইকেল স্টেকলিং নামের এক তরুণ রিয়েল ব্রোকারেজ সংস্থার সিইও তামির পোলেগের বিরুদ্ধে আদালতে অভিযোগ জানিয়েছেন। তামিরের সংস্থায় কাজ করার সময় তাঁর স্ত্রী পেজ স্টেকলিংকে অশালীন প্রস্তাব দেওয়া হয়েছে বলে আদালতে জানিয়েছেন ওই তরুণ। তামির বার বার তাঁর স্ত্রীকে বোকা বানানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ মাইকেলের। সংস্থার শেয়ার, নগদ অর্থ, রিয়েল এস্টেট চুক্তি এবং বিলাসবহুল ভ্রমণের প্রস্তাব দেওয়া হয়েছে স্ত্রী পেজকে, দাবি স্বামী মাইকেলের। সেই প্রলোভনে পড়ে শেষ পর্যন্ত পেজ তাঁদের দাম্পত্য সম্পর্ক নষ্ট করেছেন বলে আদালতকে জানিয়েছেন মাইকেল। ২০২৫ সালে মাইকেল এবং পেজের বিবাহবিচ্ছেদ হয়।

অভিযোগ, তামির ২০২৫ সালের জানুয়ারিতে পেজকে একটি প্রস্তাব দেন। তার মধ্যে ছিল উটাহের পার্ক সিটিতে ১৫ লক্ষ ডলারের একটি বাড়ি। চুক্তি অনুসারে পেজকে তাঁর স্বামী ও সংসার ছেড়ে চলে আসতে হত। তবেই পেজের সমস্ত চাহিদা পূরণ করতেন তামির। আরও অভিযোগ, পেজকে নিজের কাছে রাখার জন্য তামির ৬ লক্ষ ডলারের রিয়েল ব্রোকারেজ স্টক বিক্রি করে দেন। মামলায় উল্লেখ করা হয়েছে, তামির কয়েক সপ্তাহ পরে নিজের এবং পেজের জন্য মায়ামিতে একটি হোটেল বুক করেছিলেন। ফেব্রুয়ারির শুরুতে পেজকে একটি ইমেল পাঠিয়েছিলেন। পেজকে কী ভাবে ১৫ লক্ষ ডলার (প্রায় ১৪ কোটি টাকা) দেওয়া হবে তার বিবরণ দেওয়া হয়েছিল তাতে।

পেজ এক বিবৃতিতে তাঁর বিবাহবিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘ব্যক্তিগত কারণে আমার বিবাহবিচ্ছেদ হয়েছে।’’ তামির অবশ্য মামলার বিষয়বস্তুকে সরাসরি অস্বীকার করেছেন। তামিরের দাবি, প্রায়শই তাঁর কাছে পেজ নিজের দাম্পত্য সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করতেন। মামলা করে মাইকেল ৫০ লক্ষ ডলার (৪৫ কোটি টাকারও বেশি) ক্ষতিপূরণ চেয়েছেন।

Advertisement
আরও পড়ুন