ছবি: সংগৃহীত।
সম্বল বলতে একটি পলকা লাঠি। আর তা দিয়েই বিষাক্ত সাপকে কব্জা করলেন এক তরুণ। বাড়ির চালের নীচে লুকিয়ে থাকা ফণাতোলা ভুজঙ্গকে বার করে আনলেন অকুতোভয় সেই তরুণ। ভিডিয়োটি কবে বা কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। খালি হাতে সাপ ধরার সেই দৃশ্যটি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই যুবকের সাহস নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিষধর সাপ একটি একতলা বাড়ির ছাদের অ্যাসবেস্টসের ফাঁকের ভিতরে ঢুকে রয়েছে। সাপটিকে উদ্ধার করার বদলে একদল জনতা বাড়ির সামনে জড়ো হয়েছেন এবং প্রত্যেকেই তাঁদের মোবাইল ফোনে এই বিপজ্জনক পরিস্থিতিটি ভিডিয়ো করছেন। কেউই সাপটিকে বার করার সাহস দেখাননি। এরই মধ্যে, ওই যুবক একটি মই ব্যবহার করে ছাদে ওঠেন। তার হাতে শুধু একটি ছোট লাঠি ছিল। তা দিয়েই তিনি সাপটিকে টেনে বার করার চেষ্টা করেন। লাঠি দিয়ে সাপটির মুখের নীচের অংশটি চেপে ধরেন। কিছু ক্ষণ চেষ্টার পর তিনি সাপটির মুখ হাত দিয়ে চেপে ধরেন। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হল, তরুণ নির্ভয়ে বিষাক্ত সাপটিকে তার গলায় পেঁচিয়ে নিয়ে ধীরে ধীরে নীচে নামতে শুরু করেন। এক মুহূর্তের অসতর্কতায় সাপটি হঠাৎ তাঁর হাত থেকে ফস্কে মাটিতে পড়ে যায়। উপস্থিত লোকজন মুহূর্তের জন্য ভয় পেয়ে গেলেও তরুণ নির্বিকারই ছিলেন। সঙ্গে সঙ্গে সাপটিকে আবার ধরে ফেলে সাবধানে একটি বাক্সে ভরে মুখ বন্ধ করে দেন তরুণ। ভিডিয়োটি এখানেই শেষ হয়।
बहुत हिम्मत होनी चाहिए सांप को पकड़ने के लिए, अच्छे-अच्छे लोगों का हालत खराब हो जाता हैं। pic.twitter.com/UEKOTJDGAM
— छपरा जिला(@ChapraZila) April 16, 2026
ভিডিয়োটি ‘ছাপরাজ়িলা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর সেটি ১৪ লক্ষ বার দেখা হয়েছে। প্রচুর লাইক কমেন্ট জমা পড়েছে তাতে। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর নেটাগরিকেরা তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। নেটমাধ্যম ব্যবহারকারীদের একাংশ তরুণের সাহসিকতার প্রশংসা করেন। অনেকে এটিকে অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করে লিখেছেন যে এমন পদক্ষেপ প্রাণঘাতী হতে পারে। প্রশিক্ষণ ছাড়া বিষধর সাপ ধরার চেষ্টা করা উচিত নয়, কারণ একটি ছোবল প্রাণঘাতী হয়ে উঠতে পারে বলে মনে করছেন নেটাগরিকেরা।