viral video

যাত্রীর কাছে মদ খেতে চাওয়ার অভিযোগ! রাজি না হওয়ায় যাত্রা বাতিল অ্যাপ অটোচালকের , ভিডিয়ো দেখে ব্যবস্থা নিল সংস্থা

ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিয়োয় তরুণকে বলতে শোনা গিয়েছে, অটোয় উঠে কিছু দূর যাওয়ার পর চালক একটি মদের দোকানের সামনে গাড়ি থামিয়ে দেন। তিনি যাত্রীকে পানীয় কিনে দেওয়ার অনুরোধ করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৪:২৫

ছবি: সংগৃহীত।

অ্যাপের মাধ্যমে বুক করা যায় এমন অটোয় উঠে অদ্ভুত প্রস্তাব পেলেন তরুণ। রাতের দিকে গুরুগ্রামে যাত্রা করার জন্য অটো বুক করার পর মাঝপথে থামিয়ে দিয়ে যাত্রীর কাছে এমন এক ‘আবদার’ করে বসেন যা শুনে হতবাক হয়ে যান তরুণ। চালকের সঙ্গে তাঁর কথোপকথনের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এনেছেন তরুণ। ভিডিয়োটি নেটমাধ্যমে প্রকাশিত হতেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিয়োয় তরুণকে বলতে শোনা গিয়েছে, অটোয় উঠে কিছু দূর যাওয়ার পর চালক একটি মদের দোকানের সামনে গাড়ি থামিয়ে দেন। তিনি যাত্রীকে পানীয় কিনে দেওয়ার অনুরোধ করেন। সেই প্রস্তাব যাত্রী সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেন। এই নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কি বেধে যায়। যাত্রী অটোচালকের অনুরোধটি প্রত্যাখ্যান করার গাড়িটি আর ঠিকমতো চলছে না বলে অ্যাপ যাত্রাটি বাতিল করে দেন চালক। ভিডিয়োয় দেখা গিয়েছে রাস্তার উপর একটি পানশালার ধারে অটোটি দাঁড় করিয়ে রেখেছেন অটোচালক। অটো থামিয়ে দেওয়ার পর যাত্রী ঘটনার ভিডিয়ো রেকর্ড করতে শুরু করেন। মদ খেতে চাওয়ার অভিযোগ সম্পর্কে চালককে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন যাত্রী। তবে ভিডিয়োয় চালককে এই দাবি অস্বীকার করতে দেখা যায়। যাত্রী জানান, ক্যামেরার সামনে চালক মিথ্যা কথা বলছেন। কারণ প্রস্তাব মেনে না নেওয়ায় তিনি অটোর বুকিং বাতিল করে দিয়েছেন। চালককে তখন বলতে শোনা যায় যে তাঁর অটোটি বিগড়ে গিয়েছে। তাই তিনি যাত্রাটি সম্পূর্ণ করবেন না।

ভিডিয়োটি সমাজমাধ্যম ছড়িয়ে পড়তেই প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে। বেশির ভাগ নেটাগরিকই মন্তব্য করেছেন যে যাত্রী যদি কোনও মহিলা হতেন তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। আবার কেউ কেউ চালকের আচরণ প্রকাশ করে দেওয়ার জন্য তরুণের প্রশংসা করেছেন। ভিডিয়ো নিয়ে বিতর্ক তৈরি হতেই অ্যাপনির্ভর অটো বুকিং সংস্থা প্রতিক্রিয়া জানিয়েছে। সংস্থার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্টটির জবাব দেওয়া হয়। সংস্থা জানিয়েছে, ওই চালককে সরিয়ে দেওয়া হয়েছে। চালকের এই ধরনের আচরণ সংস্থার নির্দেশিকার পরিপন্থী। সংস্থার পক্ষ থেকে অভিযুক্ত চালকের অ্যাপ ব্যবহারের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা।

Advertisement
আরও পড়ুন