ছবি: সংগৃহীত।
দেশ-বিদেশের অতিথিদের ভিড়ে গমগম করছে কক্ষ। পশ্চিম এশিয়ার চলমান সঙ্কট নিয়ে আলোচনা করার জন্য রবিবার ইসলামাবাদে জড়ো হয়েছিলেন বিভিন্ন দেশের বিদেশমন্ত্রী ও আধিকারিকেরা। তাঁদেরই অভ্যর্থনা জানাতে গিয়ে পা পিছলে পড়ে গেলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইশক দার। অতিথিদের সামনে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার দৃশ্যটি ক্যামেরাবন্দি হয়ে সমাজমাধ্যম ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিদেশের মন্ত্রীকে কূটনৈতিক অভ্যর্থনা জানাতে যাওয়ার সময় ইশক হোঁচট খান। ঘটনাটি পাকিস্তানের বিদেশ মন্ত্রকের ভবনে ঘটেছে। সেখানে ইরান যুদ্ধ নিয়ে বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনাসভার আয়োজন করেছিল পাকিস্তান। সেখানে অসাবধানে পড়ে যাওয়ার ফলে বেশ বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে। সংবাদ প্রতিবেদন অনুসারে, পশ্চিম এশিয়ার চলমান উত্তেজনা প্রশমনের জন্য এক শান্তিবৈঠকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তিকে অভ্যর্থনা জানানোর সময় পা পিছলে পড়ে যান ইশক। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, পড়ে যাওয়ার কারণে চিড় ধরেছে কাঁধে। তাঁর ছেলে এই কথা জানিয়েছেন।
ভিডিয়োটি ‘মেঘ আপডেটস্’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাত বন্ধ করতে আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতার আলোচনার জন্য একটি বৈঠকের আয়োজন করেছিল ইসলামাবাদ। পাক বিদেশমন্ত্রী ইশকের সেই মধ্যস্থতা বৈঠকের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। হাজির ছিলেন সৌদি আরব, তুরস্ক এবং মিশরের বিদেশমন্ত্রীরা। বৈঠকের পর ইসলামাবাদ জানিয়েছে, আগামী দিনে আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতা করতে পারলে ‘সম্মানিত’ বোধ করবে পাকিস্তান।