ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
স্কুলে প্রার্থনার লাইনে দাঁড়িয়ে সার বেঁধে ছাত্ররা। সেখানেই একেবারে সামনে চোখবন্ধ করে দাঁড়িয়ে এক খুদে ছাত্র। চোখ বন্ধ করে প্রার্থনার ভান করতে করতে এমন এক কান্ড ঘটালো তা দেখে না হেসে উপায় নেই। ছাত্রটির কীর্তির এক মজার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। দৃশ্যটির সারল্য ও হাস্যরস নেটাগরিকদের মন জয় করে নিয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একদল শিশু স্কুলের মধ্যে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে চোখ বন্ধ করে হাত জোড় করে প্রার্থনা করছে। প্রার্থনার সময় সকলেই সুশৃঙ্খলা বজায় রাখছে। এরই মাঝে এক নাবালক সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। ছাত্রটিকে চোখ বন্ধ করে প্রার্থনার ভান করতে করতে একটি ললিপপ খেতে দেখা যায়। চোখ দু’টি সে শক্ত করে বন্ধ করে রেখেছে। নাবালক ছাত্র মনেপ্রাণে যেন বিশ্বাস করছে যে তাকে কেউ দেখতে পাচ্ছে না। সকলের সামনেই সে ললিপপটি খেয়ে চলেছে। ললিপপটা শেষ করে সে কাঠিটা সাবধানে তার জামার পকেটে রেখে আবার প্রার্থনার ভঙ্গিতে ফিরে যায়। আর এই বিষয়টিই ভিডিয়োটিকে দর্শকদের কাছে মনোগ্রাহী করে তুলেছে।
‘শুভম_রানা’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি প্রকাশিত হওয়ার পর তা ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ২৬ লক্ষেরও বেশি লাইক জমা পড়েছে তাতে। প্রচুর মজার মজার প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “সবচেয়ে মজার ব্যাপার হল সে কাঠিটি ফেলে দেয়নি। যত্ন করে পকেটের ভিতরে রেখে দিয়েছে।”