viral video

সারি সারি গাড়ির উপর আছড়ে পড়ল তুষারধস, মৃত্যু সাত জনের! জ়োজি-লা গিরিপথের ভয় ধরানো ভিডিয়ো প্রকাশ্যে

ভিডিয়োয় দেখা গিয়েছে বিশাল তুষারধস নেমে এসে বরফে ঢাকা রাস্তার ওপর থাকা একাধিক যানবাহনকে চাপা দেয়। রাস্তাটি সঙ্কীর্ণ হওয়ার কারণে যানবাহনগুলি ধীরে ধীরে এগোচ্ছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৩:০২

ছবি: সংগৃহীত।

কয়েক সেকেন্ডের ব্যবধান। মুহূর্তের মধ্যেই জ়োজি-লা গিরিপথে আছড়ে পড়ল বি‌শাল বিশাল বরফের চাঁই। শুক্রবার বিকেলে জ়োজি-লার জিরো পয়েন্ট এবং মিনিমার্গের মধ্যবর্তী অংশে তুষারধসের ফলে চাপা পড়ে যায় যানবাহন। সেই ভয় ধরানো ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় ধরা পড়েছে তুষারধসের মুহূর্তটি। বিশাল তুষারধস নেমে এসে বরফে ঢাকা রাস্তার ওপর থাকা একাধিক যানবাহনকে চাপা দেয়। রাস্তাটি সঙ্কীর্ণ হওয়ার কারণে যানবাহনগুলি ধীরে ধীরে এগোচ্ছিল। ভিডিয়োটি ‘সুরজিৎঘোষ২’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে।

ভিডিয়োয় দেখা গিয়েছে, ঢাল বেয়ে বরফ এবং পাথরের চাঁই তীব্র গতিতে নীচের দিকে নেমে আসছে। সেই সব বরফের চাঁই আছড়ে পড়ে বেশ কয়েকটি গাড়িকে সম্পূর্ণ ঢেকে ফেলে। কী ঘটতে চলেছে তা বোঝার কোনও সময়ই পাননি গাড়ির চালক বা যাত্রীরা। ঘন পুরু বরফের মধ্যে আটকে পড়ে গাড়িগুলি। যাঁরা রাস্তায় দাঁড়িয়ে ছিলেন তাঁরা ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তুষারধসে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। পাঁচ জন আহত হয়েছেন। বেশ কয়েক জন যাত্রী বরফের নীচে আটকে ছিলেন বলে আশঙ্কা করা হচ্ছিল। ঘটনার খবর পেয়েই সেনা, আধাসেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) দুর্ঘটনাস্থলে গিয়ে বরফ ও পাথর সরিয়ে উদ্ধারের কাজ শুরু করে।

Advertisement
আরও পড়ুন