ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
অ্যাপ ক্যাব চড়ে গন্তব্যে যেতে যেতে চালকের সঙ্গে কথোপকথন চালাচ্ছিলেন তরুণী। হালকা চালে কথা বলতে বলতে এমন এক তথ্য ফাঁস করলেন চালক যা পিলে চমকে ওঠার মতোই। চালকের পরিচয় জেনেও শান্ত ভাবে তাঁর সঙ্গে কথোপকথন চালিয়ে গেলেন তরুণী। ক্যাবের ভিতরে চালক ও যাত্রীর কথোপকথনের ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশিত হতেই যাত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, তরুণী গাড়িতে বসে চালকের সঙ্গে স্বাভাবিক আলাপচারিতায় মেতেছেন। কথাপ্রসঙ্গে চালক জানান, তিনি গাড়ি চালানোর পেশায় আসার আগে খুনের অভিযোগে দু’বছর জেলও খেটেছেন। কারণ পারিবারিক বিবাদের জেরে কাকাকে বেলচা দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে শাস্তি পেতে হয় তাঁকে। সেই কথা তিনি নির্দ্বিধায় বলতে শুরু করেন যাত্রীকে। চালকের মুখে এ-হেন স্বীকারোক্তি শুনেও কোনও অভিব্যক্তি প্রকাশ করতে দেখা যায়নি তরুণীকে। উল্টে স্মিতমুখেই তিনি চালকের সঙ্গে কথোপকথন চালিয়ে যান।
ভিডিয়োটি ইনস্টাগ্রামে শাই_ইন নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর নেটাগরিকদের বিপুল মনোযোগ আকর্ষণ করেছে। চালকের স্বীকারোক্তি গুরুতর হওয়া সত্ত্বেও, তরুণী শান্ত এবং প্রায় নির্বিকার ভঙ্গিতে কথা বলে চলেছেন। সেই দৃশ্যটি সমাজমাধ্যমে আলোচনার একটি প্রধান বিষয় হয়ে উঠেছে। এত গুরুতর অভিযোগ নিয়ে আলোচনা করার সময়ও তরুণী কী ভাবে সংযম বজায় রেখেছেন তা নিয়ে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা।
ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই প্রতিক্রিয়া জানিয়েছে অ্যাপ ক্যাব সংস্থাও। সংস্থাটি পরিস্থিতিটিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে অভিহিত করেছে। সংস্থাটি ওই তরুণীকে সরাসরি বিস্তারিত তথ্য জানাতে অনুরোধ করেছে। তারা বিষয়টি তদন্ত করে দেখবে বলে জানিয়েছে। সংস্থা আরও জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা অগ্রাধিকার এবং অভিযোগগুলো যাচাই করা হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।