Viral Video

আগুনরঙা লাভার চাঁইয়ের বৃষ্টি! জ্বলন্ত আগ্নেয়গিরির রূপ দেখতে গিয়ে ‘নরকদর্শন’ পর্বতারোহীদের, ভাইরাল ভিডিয়ো

জ্বলন্ত আগ্নেয়গিরির রূপ যে এতটা মারাত্মক আকার ধারণ করবে তা পর্বতারোহীরা কল্পনা করেননি। হুট করেই সেখান থেকে গরম লাভার চাঁই ছড়িয়ে-ছিটিয়ে পড়া শুরু করে। পর্যটকেরা সেই জ্বলন্ত পাথরের আঘাত থেকে নিজেদের বাঁচাতে পড়ি কি মরি করে ছোটা শুরু করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১২:০০
volcano

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

টগবগিয়ে ফুটছে আগ্নেয়গিরির জ্বালামুখ। জ্বলন্ত আগ্নেয়গিরির ভয়ঙ্কর সেই রূপ দেখতে গিয়েছিলেন একদল পর্বতারোহী। কিন্তু সেই রূপ যে এতটা মারাত্মক আকার ধারণ করবে তা তাঁরা কল্পনা করেননি। হুট করেই সেই জ্বলন্ত আগ্নেয়গিরি থেকে গরম লাভার চাঁই ছড়িয়ে-ছিটিয়ে পড়া শুরু করে। পর্যটকেরা সেই জ্বলন্ত পাথরের আঘাত থেকে নিজেদের বাঁচাতে পড়ি কি মরি করে ছোটা শুরু করেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেননি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে, মধ্য আমেরিকার গুটামেলার ভলক্যান দে ফুয়েগা আগ্নেয়গিরিতে। চলতি মাসের শুরুতে গুটামেলার এই আগ্নেয়গিরি অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছিল। সেই সময়ের নানা ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ভিডিয়োটিও সেই সময়েরই, না এর মধ্যে তা পুনরায় সক্রিয় হয়েছে তা জানতে পারা যায়নি।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সরু পাহাড়ি পথ কালো ছাইয়ে আবৃত। তা ধরে হেঁটে চলেছেন একদল পর্বতারোহী। তাঁদের সঙ্গ নিয়েছে একটি কুকুর। কিছুটা দূরেই দেখা যাচ্ছে আগ্নেয়গিরির অগ্নিমুখ। সেখান থেকে গলগল করে আগুনরঙা লাভা বেরোচ্ছে। সে দিকেই এগিয়ে চলেছেন পর্বতারোহীরা। হুট করে তাঁদের মধ্যে হুলস্থুল পড়ে গেল। কারণ জ্বলন্ত সেই আগ্নেয়গিরি থেকে লাভার চাঁই নির্গত হতে শুরু করল, যা বৃষ্টির মতো ছড়িয়ে পড়ল তাঁদের আশপাশে, গায়েও। বেগতিক বুঝে কুকুরটি ভৌ ভৌ করতে করতে নীচের দিকে ছুটে চলল। পর্বতারোহীরাও প্রাণ বাঁচাতে নেমে আসতে লাগলেন। এক জনের জ্যাকেট সেই লাভার পাথরে পুড়ে গেল। কিন্তু বড় বিপদ হওয়ার আগে সকলেই নিরাপদ স্থানে পৌঁছে যান। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ব্রেকিং৯১১’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে দুই লক্ষেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রায় দেড় হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। লাভার বৃষ্টি দেখে শঙ্কিত হয়েছেন নেটাগরিকেরা।

Advertisement
আরও পড়ুন