Viral Video

‘বনের রানি’র তাড়া খেয়ে কুয়োয় পড়ল কুকুর, পিছু নিয়ে একই কুয়োয় উল্টে পড়ল শিকারি! তার পর... ভাইরাল ভিডিয়ো

ভাগ্যের ফেরে শিকার এবং শিকারি, দু’জনে একসঙ্গে কুয়োর মধ্যে পড়ে যায়। তার পর শুরু হয় দু’জনেরই জীবনসংগ্রাম। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১১:১২

ছবি: এআই সহায়তায় তৈরি।

জঙ্গল থেকে লোকালয়ে খাবারের খোঁজে বেরিয়ে এসেছিল সিংহী। চোখে পড়ে এক রাস্তার কুকুর। সেটির পিছু নেয় সিংহীটি। কিন্তু ভাগ্যের ফেরে শিকার এবং শিকারি, দু’টিই একসঙ্গে কুয়োর মধ্যে পড়ে যায়। তার পর শুরু হয় দু’জনেরই জীবনসংগ্রাম। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে গুজরাটে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কুকুরটিকে তাড়া করেছিল সিংহী। সেই পথে ছিল একটি মুখখোলা কুয়ো। দু’জনে সেখানেই পড়ে যায়। তার পর প্রায় পাঁচ ঘণ্টা তারা একসঙ্গে সেই কুয়োর জলে ভেসে বেরিয়েছে। কিন্তু প্রাণ বাঁচানোর তাগিদে সিংহীর খিদে মরে যায়। সে আর কুকুরটিকে ধরার আগ্রহ দেখায়নি। দু’জন কুয়োর দুই প্রান্তে চুপ করে ভেসে থাকে। তার পর বনদফতরের কর্মীরা এসে তাদের উদ্ধার করে।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, গভীর কুয়ো। তার মধ্যে সাঁতরে বেড়াচ্ছে অসহায় সারমেয়। সিংহীর তাড়া খেয়ে সে কুয়োয় পড়ে গিয়েছে। কিন্তু জলে সে একা নেই। তাকে শিকার করতে আসা শিকারিও তার সঙ্গে কুয়োয় পড়েছে। দু’জনে একত্রে কুয়োর জলে সাঁতরে বেড়াচ্ছে। কিন্তু কেউ কাউকে দেখে ভয় পাচ্ছে না। সিংহীর মধ্যে কুকুরটিকে ধরতে চাওয়ারও কোনও তাগিদ দেখা গেল না। উভয়েই প্রাণ বাঁচানোর লক্ষ্যে উপরের দিকে তাকিয়ে ভাসছে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ডক্টরলেমা’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে দুই লক্ষেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রায় এক হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘প্রাণ রক্ষার তাগিদে সিংহ খিদের কথা ভুলে গিয়েছে।’’

Advertisement
আরও পড়ুন