Viral Video

দল হারছে বলে হাপুস নয়নে কান্না খুদে ‘প্রতিপক্ষ’র, দেখে অভাবনীয় কাণ্ড ঘটাল বিপক্ষরা! ভাইরাল ‘ফুটবলের জাদু’র ভিডিয়ো

১৮ জুন মেক্সিকোর অ্যাজ়টেকা স্টেডিয়ামে কলোম্বিয়ার সঙ্গে উজ়বেকিস্তানের গ্রুপ কে-র ম্যাচ ছিল। সেই খেলায় হার হয় উজ়বেকিস্তানের। স্কোর হয় ৩-১। তা মন ভাঙে বহু উজ়বেকিস্তান সমর্থকদের। সেই মন ভাঙা এক উজ়বেকিস্তান সমর্থক কিশোরের আবেগঘন মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১২:৩০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

শুরু হয়েছে ফুটবলের মহোৎসব ফিফা আয়োজিত ফুটবল বিশ্বকাপ ২০২৬। যাঁরা ফুটবল ভালবাসেন, তাঁদের কাছে এটি উৎসবের থেকে কম কিছু নয়। কথায় বলে, ফুটবল খুবই সুন্দর একটা খেলা। জাত-পাত-ধর্ম নির্বিশেষে সকলে তাঁদের প্রিয় দল বা ফুটবলারের জয়ে মেতে ওঠেন, তেমনই হারে সমব্যথী হন। খুদে বয়সের বন্ধুটিও অন্য দল বা ফুটবলারকে পছন্দ করার জন্য প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। আবার শত্রুও একই দলের ভক্ত হওয়ার কারণে বন্ধু হয়ে যায়। ফুটবলের ক্ষমতা সত্যিই অপার। এই খেলা কাঁটাতার পেরিয়ে মানুষের মধ্যে মিলমিশ ঘটাতে সক্ষম। চলতি বিশ্বকাপের গ্যালারি থেকে ক্যামেরাবন্দি হল তেমনই সুন্দর এক দৃশ্য, যা ফুটবলপ্রেমীদের যেমন মন জিতে নিয়েছে, তেমনই নজর কেড়েছে সাধারণ মানুষদেরও। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

১৮ জুন মেক্সিকোর অ্যাজ়টেকা স্টেডিয়ামে কলোম্বিয়ার সঙ্গে উজ়বেকিস্তানের গ্রুপ কে-র ম্যাচ ছিল। সেই খেলায় হার হয় উজ়বেকিস্তানের। স্কোর হয় ৩-১। তা মন ভাঙে বহু উজ়বেকিস্তান সমর্থকদের। সেই মন ভাঙা এক উজ়বেকিস্তান সমর্থক কিশোরের আবেগঘন মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। তবে ভিডিয়োটি ভাইরাল হওয়ার নেপথ্যে রয়েছে অন্য এক কারণ।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, লোক গমগম গ্যালারি। বেশির ভাগ দর্শকের গায়েই উজ়বেকিস্তান এবং কলোম্বিয়ার জাতীয় ফুটবল দলের জার্সি। তাঁদের মাঝেই লাল রঙের জামা পরে বসে থাকতে দেখা গেল এক খুদে উজ়বেকিস্তান সমর্থককে। হাতে তাঁর নকল বিশ্বকাপ। সেটিকে জড়িয়ে ধরে হাপুস নয়নে কেঁদে চলেছে সে। কারণ তাঁর প্রিয় দল হেরে যাচ্ছে। নাবালকের কান্না মন ছুঁল গ্যালারিতে থাকা কলোম্বিয়া সমর্থকদের। তার পরই দেখা গেল ফুটবলের আসল সৌন্দর্য। প্রতিপক্ষ দলের খুদে সমর্থক কাঁদছে দেখে মুখ ফেরাতে পারলেন না কলোম্বিয়ার সমর্থকেরা। এক তরুণ নাবালকের মাথায় হাত বুলিয়ে তার কান্না থামানোর চেষ্টা করলেন। কিন্তু তাতেও লাভের লাভ হল না। এর পর আশপাশে থাকা সকল কলোম্বিয়ার সমর্থকের মুখে শোনা গেল উজ়বেকিস্তানের জয় জয়কার। নাবালকের মন ভাল করতে তাঁরা সকলে উজ়বেকিস্তান ধ্বনি দিয়ে গ্যালারি কাঁপালেন। নাবালকের অশ্রুধারাও ধীরে ধীরে কমে গেল। মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ফুটবলটুইট’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ৮০ হাজারেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। তিন হাজারের কাছাকাছি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা মন ভাল করা মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘দয়ার থেকে ভাল মন ভাল করার ওষুধ আর কিছু হয় না।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘একমাত্র ফুটবলই পারে সকলকে একই সুতোয় বাঁধতে।’’

Advertisement
আরও পড়ুন