viral video

নাচের চোটে নাবালকের গালে ঠাস করে চড় ‘আহ্লাদি’ রোবটের! ভিডিয়ো ভাইরাল হতেই ‘সামাল সামাল’ রব নেটপাড়ায়

চিনের শাংসি প্রদেশে রোবটের নৃত্যপ্রদর্শনী চলছিল। ঘেরাটোপের বাইরে উৎসুক জনতা রোবটের নাচ দেখার জন্য জড়ো হয়েছিলেন। সেখানেই দাঁড়িয়ে ছিল নাবালকটি। দ্রুত গতিতে ঘুরতে ঘুরতে রোবটি আঘাত করে তাকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৫:০৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রোবটদের নৃত্যপ্রদর্শনী চলাকালীন এক নাবালকের মুখে চড় মেরে বসল একটি রোবট। প্রকাশ্যে নৃত্য পরিবেশনার সময় একটি হিউম্যানয়েড রোবট দুর্ঘটনাবশত তার মুখে আঘাত করে। রোবটটি রাস্তার মাঝখানে ঘুরছিল। ঘুরতে ঘুরতে কিশোরের দিকে এগিয়ে আসে। তার পর ঘটে যায় দুর্ঘটনাটি। চিনের শানসি প্রদেশে ২১ মার্চ ঘটে যাওয়া সেই দৃশ্যেরই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ঘেরাটোপের মধ্যে একটি রোবট হাত-পা নাড়িয়ে দ্রুত লয়ে নেচে চলেছে। ঘেরাটোপের বাইরে উৎসুক জনতা রোবটের নাচ দেখার জন্য জড়ো হয়েছিলেন। সেখানেই দাঁড়িয়ে ছিল নাবালকটি। দ্রুত গতিতে ঘুরতে ঘুরতে রোবটটির হাত বালকের মুখে আঘাত করে। আচমকা আঘাতে থতমত খেয়ে যায় সে। সঙ্গে সঙ্গে রোবটের চালক ছুটে এসে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কয়েক সেকেন্ড হাত-পা ছুড়ে নাচার পর রোবটটি হঠাৎ করে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে।

সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রোবটটি চিনের প্রযুক্তি সংস্থা ইউনিট্রি রোবোটিক্স-এর তৈরি জি১ হিউম্যানয়েড মডেল। যন্ত্রটির ওজন প্রায় ৩৫ কেজি। দাম প্রায় ১৩ হাজার ৫০০ ডলার থেকে শুরু। গবেষণা, শিক্ষা এবং বাণিজ্যিক ব্যবহারের জন্য মূলত নকশা করা হয়েছে এটির। ভিডিয়োটি দেখে রোবটের কাজকর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকেরা। ঘটনাটি জনসমক্ষে হিউম্যানয়েড রোবট মোতায়েনের নিরাপত্তা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘কী বিপজ্জনক কাণ্ড!’’ দ্বিতীয় নেটাগরিকের মন্তব্য, ‘‘ধাতব বস্তুর আঘাত সত্যিই যন্ত্রণাদায়ক।’’

Advertisement
আরও পড়ুন