Viral Video

নিষ্ঠুরতার ক্লাস, প্লে স্কুলে কচিকাঁচাদের দাঁড় করিয়ে পর পর চড় শিক্ষকের! ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড় নেটমাধ্যমে

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ক্লাসে পড়া করে না আসার শাস্তি হিসাবে দুই ছাত্রীকে দাঁড় করিয়ে এলোপাথাড়ি চড় মেরে চলেছেন অভিযু্ক্ত শিক্ষক। মারধরের পর ছাত্রীদের ক্লাস থেকে বারও করে দেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১২:১৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বাবা-মায়েরা শিশুদের প্লে স্কুলে পাঠান খেলার মাধ্যমে প্রাথমিক পাঠ নিতে। অথচ সেই স্কুলেই শিক্ষক যদি বাচ্চাদের সঙ্গে নির্মম আচরণ করেন, তখন শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, ছোট ছোট শিশুদের নির্মম ভাবে চড় মারছেন এবং ভয় দেখাচ্ছেন শিক্ষক। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, এটি ঝাড়খণ্ডের জপলা এলাকার একটি প্লে স্কুলের ঘটনা। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ক্লাসে পড়া করে না আসার শাস্তি হিসাবে দুই ছাত্রীকে দাঁড় করিয়ে রেখে এলোপাথাড়ি চড় মেরে চলেছেন অভিযু্ক্ত শিক্ষক। ভিডিয়োয় দুই ছাত্রীকে দেখা গেলেও শিক্ষকের রোষের মুখে আরও ছাত্রছাত্রী ছিল বলে জানা গিয়েছে। শ্রেণিকক্ষের বাইরে দরজার ফাঁক দিয়ে তোলা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, শিক্ষক শ্রেণিকক্ষের ভিতরে ছোট ছোট শিশুদের সারিবদ্ধ ভাবে দাঁড় করিয়ে এক এক করে চড় মারছেন। শিশুরা এতটাই ছোট যে তারা প্রতিরোধ করা তো দূরে থাক কোনও কথাই বলতে পারছে না। বেঞ্চে বসা এক ছোট্ট ছাত্রীকে দু’হাত দিয়ে গালে একসঙ্গে পর পর চড় মারতেও দেখা গিয়েছে ওই শিক্ষককে। শিক্ষকের প্রহারের পর ছাত্রছাত্রীদের কাঁদতে দেখা যায়। যদিও সেই কান্নায় মন গলেনি কঠোর শিক্ষকের। মারার পর দুই ছাত্রীকে ক্লাস থেকে বার করে দেন তিনি।

এক্স হ্যান্ডলে ‘রামরাজ্য’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর ভিডিয়োটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে নেটমাধ্যমে। প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে তাতে। অনেক ব্যবহারকারীই দাবি করেছেন যে ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘এমন লোকের শিশুদের কাছাকাছি থাকার অধিকার নেই।’’ আর এক জন লিখেছেন, ‘‘এটা শাস্তি নয়, এটা নির্যাতন।’’

Advertisement
আরও পড়ুন