Suvendu Adhikari

সোমবার কলকাতা পুরসভায় পা রাখবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি শুরু পুর প্রশাসনে, কেন আসছেন শুভেন্দু? জল্পনা অন্দরমহলে

মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর কলকাতা পুরসভার কোনও অফিসে যাওয়ার ঘটনা মুখ্যমন্ত্রীর কাছে প্রথম নয়। রাজ্যের দায়িত্ব নেওয়ার পর নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের অধীন কলকাতা পুরসভার ৯ নম্বর বরোর আলিপুরের অফিসে বৈঠক করতে গিয়েছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১৩:৫৯
কলকাতা পুরসভায় যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলকাতা পুরসভায় যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

সব ঠিকঠাক চললে সোমবার কলকাতা পুরসভায় আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সূত্রে খবর, ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে রাজ্য জুড়ে প্রধানমন্ত্রীর শুরু করা স্বচ্ছতা প্রকল্প নিয়ে কর্মসূচি করতে চায় রাজ্য। সেই প্রকল্পের সূচনা করতে সোমবার থেকে কলকাতা পুরসভা স্বচ্ছতা কর্মসূচির অভিযান শুরু করবে। সেই কর্মসূচিতে অংশ নিতেই শুভেন্দু আসবেন কলকাতা পুরসভার সদর দফতরে। যদিও মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর কলকাতা পুরসভার কোনও অফিসে যাওয়ার ঘটনা মুখ্যমন্ত্রীর কাছে প্রথম নয়। রাজ্যের দায়িত্ব নেওয়ার পর নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের অধীন কলকাতা পুরসভার ৯ নম্বর বরোর আলিপুরের অফিসে বৈঠক করতে গিয়েছিলেন তিনি। যদিও সেই সময় পুরসভার সমীকরণ ছিল ভিন্ন।

Advertisement

বর্তমানে কলকাতা পুরসভার সমীকরণ বদলে গিয়েছে। ৪ মে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল হয়ে তৃণমূলকে সরিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। তার পরেই কলকাতা পুরসভায় ক্ষমতাহীন হয়ে পড়ে শাসক তৃণমূল। সম্প্রতি পুরসভার মেয়রপদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। চলতি বছর ডিসেম্বর মাস পর্যন্ত পুরসভার মেয়াদ থাকলেও মেয়রের পদত্যাগের কারণে পুর বোর্ড বাতিল হয়ে গিয়েছে। তাই বর্তমানে কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকে প্রশাসক নিয়োগ করেছে পুর ও নগরোন্নয়ন দফতর। মনে করা হচ্ছে যত দিন না নির্বাচন হচ্ছে, তত দিন প্রশাসক দিয়েই পুরসভা পরিচালনার কাজ করবে রাজ্য সরকার। যদিও এই সময়কালে প্রথমে বর্ষা, পরে উৎসবের মরসুম সামাল দিতে হবে কলকাতা পুরসভাকে। যে কারণে রাজ্য সরকারের সঙ্গে কলকাতা পুরসভার সমন্বয় জরুরি হয়ে পড়েছে। তাই মনে করা হচ্ছে, সোমবার মুখ্যমন্ত্রী পুরসভার সদর দফতর এলে তাঁর সঙ্গে কথা হতে পারে কমিশনার তথা প্রশাসক স্মিতার।

মুখ্যমন্ত্রী সরকারি কর্মসূচিতে এসে পুরসভার শীর্ষ আধিকারিকদের থেকে কলকাতা শহরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইতে পারেন। এমনটা মাথায় রেখে সব বিভাগের ডিজিদের কলকাতা পুরসভার বর্তমান পরিস্থিতি বিষয়ে অবগত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রীর আগমনের খবরে রবিবারের ছুটিও বাতিল করে দেওয়া হয়েছে পুরসভায়। মুখ্যমন্ত্রীর আসার মুহূর্তে যাতে কোনও রকমের খামতি না থেকে যায়, সেই কারণেই এমন পদক্ষেপ করা হয়েছে বলে জানাচ্ছেন পুরসভার এক দায়িত্বপ্রাপ্ত শীর্ষ আধিকারিক।

Advertisement
আরও পড়ুন