Viral Video

গুগ্‌লকে অন্ধবিশ্বাস, তিন সেকেন্ডের মধ্যেই ২৫০০ টাকা জরিমানা গুনতে হল গাড়িচালককে! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গাড়িচালক মানচিত্র দেখতে দেখতে গাড়ি চালাচ্ছিলেন। রাস্তায় ভুল করার সঙ্গে সঙ্গেই দু’জন ট্রাফিক পুলিশ আধিকারিক ভুল রাস্তা দিয়ে ঘোরার জন্য শাস্তি দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১৮:২৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

গুগ্‌ল ম্যাপ চোখ বন্ধ করে ভরসা করায় গচ্চা গেল ২৫০০ হাজার টাকা। মাত্র তিন সেকেন্ডের ভুলে ট্রাফিক পুলিশকে জরিমানা দিতে হল গাড়িচালককে। প্রযুক্তির উপর ভরসা করতে গিয়ে গাঁটগচ্চা দিতে হল এক তরুণকে। একটি উ়ড়ালপুল থেকে নেমে ইউটার্ন নিতেই তরুণের গাড়ি আটকালেন ট্রাফিক পুলিশ। দিতে হল বড় অঙ্কের জরিমানা। সেই ঘটনারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গাড়িচালক মানচিত্র দেখতে দেখতে গাড়ি চালাচ্ছিলেন। রাস্তায় ভুল করার সঙ্গে সঙ্গেই দু’জন ট্রাফিক পুলিশ আধিকারিক ভুল রাস্তা দিয়ে ঘোরার জন্য শাস্তি দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোন। তাঁকে এক পুলিশকর্মী জিজ্ঞেস করেন, ‘‘ভাই, এখানে কোনও ইউ-টার্ন নেই, আপনি ভুল ইউ-টার্ন নিচ্ছেন।’’ চালকের পাশে বসা তরুণী উত্তর দিয়ে বলেন, ‘‘ম্যাপে তো এই রাস্তাই দেখানো ছিল।’’ তখন পুলিশকর্মী জানান, ‘‘ম্যাপে তো পুরো ফ্লাইওভারটাও দেখানো আছে।’’ ট্রাফিক পুলিশ আরও বলেন, গাড়ি ইউ টার্ন নেওয়ার কোনও চিহ্ন না থাকলেও চালককে তা দেখে নিতে হয়। লাল বাতির সিগন্যালে ডান দিকে মোড় নেওয়ার চিহ্ন থাকে। এর পরই ট্রাফিক পুলিশকর্মী তাঁকে আড়াই হাজার টাকা জরিমানা দেওয়ার কথা বলেন। তরুণ সেটি দিতে সম্মত হন। ভিডিয়োটি এখানেই শেষ হয়ে যায়।

ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করার পর ভিডিয়োটি এখনও পর্যন্ত বহু মানুষের নজর কেড়েছে। ৩৬ হাজারেরও বেশি লাইক জমা পড়েছে তাতে। ভিডিয়োয় বহু নেটাগরিকই মজার প্রতিক্রিয়া দিয়েছেন। নেটাগরিকদের অনেকেই বলছেন তরুণ যদি ট্রাফিক পুলিশের কাছে ক্ষমা চেয়ে সতর্ক করে ছেড়ে দিতে বলতেন, তাহলে বিষয়টি হয়তো মিটে যেত।

Advertisement
আরও পড়ুন