North Sentinel Island

‘নিষিদ্ধ’ নর্থ সেন্টিনেল দ্বীপে গিয়ে জনজাতিদের ‘ডায়েট কোক’-এর প্রস্তাব! পাঁচ বছরের জেল মার্কিন নেটপ্রভাবীর

অভিযুক্ত নেটপ্রভাবীর নাম মিখাইল ভিক্টোরোভিচ পলিয়াকভ। ২৫ বছর বয়সি আমেরিকার নাগরিক ওই যুবক পেশায় ইউটিউবার। অনুরাগীদের কাছে ‘নিও ওরিয়েন্টালিস্ট’ নামে পরিচিত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৪:৪৬
American Influencer and Travel Vlogger sentenced to five years Jail for going to North Sentinel Island

অভিযুক্ত নেটপ্রভাবী মিখাইল ভিক্টোরোভিচ পলিয়াকভ। ছবি: সংগৃহীত।

ভারত মহাসাগরের বুকে ‘নিষিদ্ধ’ দ্বীপ নর্থ সেন্টিনেল। ‘সভ্য’ জগতের থেকে লক্ষ যোজন দূরে সেই দ্বীপে সেন্টিনেলি জনজাতির বাস। ভিন্‌দেশিদের দেখলেই বিষাক্ত তির কিংবা বর্শা ছোড়েন তাঁরা। এ-হেন দ্বীপে গিয়ে বিচ্ছিন্ন সেই জনজাতিকে ‘ডায়েট কোক’ খাওয়ার প্রস্তাব দেওয়ায় মার্কিন পর্যটক তথা নেটপ্রভাবীকে পাঁচ বছরের জেলের সাজা শোনাল আদালত। গত বছর ওই নেটপ্রভাবী গ্রেফতার হওয়ার পর থেকেই নানা মহলে চর্চা শুরু হয়েছিল। সমাজমাধ্যমের তথাকথিত ‘ইনফ্লুয়েন্সার’দের জন্যই জনজাতিদের বিপদ বাড়ছে কি না, তা নিয়েও প্রশ্ন শুরু হয়েছিল। সম্প্রতি তাঁর জেলের সাজা হওয়ায় আবার খবরের শিরোনামে উঠে এসেছে ঘটনাটি।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত নেটপ্রভাবীর নাম মিখাইল ভিক্টোরোভিচ পলিয়াকভ। ২৫ বছর বয়সি আমেরিকার নাগরিক ওই যুবক পেশায় ইউটিউবার। অনুরাগীদের কাছে ‘নিও ওরিয়েন্টালিস্ট’ নামে পরিচিত। অভিযোগ, ২০২৫ সালের ২৯ মার্চ সকালে সেন্টিনেলি জনজাতিদের দেখতে নর্থ সেন্টিনেল দ্বীপে গিয়েছিলেন মিখাইল। ক্ষণিকের জন্য পা রেখেছিলেন উপকূলে। এর মধ্যেই সেখানে গিয়ে রিল বানিয়েছিলেন তিনি। সমুদ্রসৈকতে নরম পানীয় এবং নারকেলও খেতে দেখা গিয়েছিল তাঁকে। শুধু তাই নয়, সেন্টিনেলি জনজাতির জন্য সেখানে তিনি নাকি ‘ডায়েট কোক’ রেখে এসেছিলেন। ঘন জঙ্গলের দিকে উদ্দেশ্য করে বাঁশিও বাজিয়েছিলেন। এর পরেই সেখান থেকে চলে যান মিখাইল।

তবে পরে অনুমতি ছাড়া নিষিদ্ধ দ্বীপের ত্রিসীমানায় যাওয়ার জন্য গ্রেফতার হন মিখাইল। পাঁচ বছরের জেলের সাজা হয়েছিল তাঁর। জানা গিয়েছে, পোর্ট ব্লেয়ারে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। বিচারে হেফাজতের মেয়াদবৃদ্ধি এবং জামিন না-মঞ্জুর হওয়ায় তাঁকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের মুখোমুখি হতে হচ্ছে। আগামী ২৯ এপ্রিল তাঁর আবার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, এই প্রথম নয়। তালিবান-নিয়ন্ত্রিত আফগানিস্তানে গিয়ে বিনা অনুমতিতে ছবি তোলার জন্য এর আগেও বিপদের মুখে পড়তে হয়েছিল মিখাইলকে।

Advertisement
আরও পড়ুন