Viral Video

প্ল্যাটফর্মে ঘুমোনোর মাসুল, ক্লান্ত যাত্রীর পকেট থেকে চুপিসারে মোবাইল তুলে হাঁটা দিল চোর! ভাইরাল ভিডিয়ো

ঘুমন্ত তরুণের পকেট থেকে মোবাইল বার করে হাওয়া হয়ে গেলেন এক ব্যক্তি। পুরো কাজটাই করলেন অত্যন্ত সন্তর্পণে। পাছে তাঁর ঘুম ভেঙে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১০:৫৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাতের ফাঁকা রেলের প্ল্যাটফর্ম। সেখানে থাকা লম্বা চেয়ারের উপর চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছেন এক তরুণ। তার ঠিক পিছনে বসে রয়েছেন অপর এক তরুণ। প্রথম দেখায় তাঁকে দেখে মনে হল তিনি ঝিমোচ্ছেন। কিন্তু পর ক্ষণেই ধরা পড়ল তরুণের সেখানে ঠায় বসে থাকার আসল ফন্দি। ঘুমন্ত তরুণের পকেট থেকে মোবাইল বার করে হাওয়া হয়ে গেলেন তিনি। পুরো কাজটাই করলেন অত্যন্ত সন্তর্পণে। পাছে তাঁর ঘুম ভেঙে যায়। চুরির সেই ভিডিয়ো ধরা পড়েছে প্ল্যাটফর্মে লাগানো সিসিটিভি ক্যামেরাই। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোন রেলস্টেশনে ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানতে পারা যায়নি। তবে সেই ভিডিয়োর ক্যাপশনে জানানো হয়েছে যে রেল কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ দেখার পর তৎক্ষণাৎ ব্যবস্থা নেন। চোরকে শনাক্ত করে তাঁরা পাকড়াও করেন। তরুণকে তাঁর মোবাইল ফিরিয়ে দেওয়া হয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের শুনশান রেলস্টেশন। এক-দু’জন লোক যা আছেন, তাঁদেরও কেউ ঘুমের দুনিয়ায় ঢলে পড়েছেন। কেউ আবার মোবাইলের পর্দা থেকে চোখ সরাতে পারছেন না। স্টেশনে থাকা অ্যালুমিনিয়মের চেয়ারে চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছেন এক তরুণ। তাঁর ঠিক গা ঘেঁষে থাকা চেয়ারে বসে রয়েছেন অপর এক তরুণ। মাথা নীচু করে বসে রয়েছেন তিনি। বসে থাকা তরুণ মাথা তুলে এক বার আশপাশ দেখে নিলেন। তার পর শুয়ে থাকা তরুণের দিকে হাত বাড়ালেন। সাবধানতার সঙ্গে তাঁর পকেটে হাত ঢোকালেন তরুণ। সেখান থেকে অত্যন্ত নিপুণতার সঙ্গে মোবাইল বার করে নিলেন। মোবাইলটি পকেটে ঢুকিয়ে সেখান থেকে উঠে চলে গেলেন তিনি। ঘুমন্ত তরুণ টেরও পেলেন না যে তাঁর মোবাইলটি চুরি হয়ে গেল। আশপাশের মানুষও জানতে পারলেন না। চোর মাথা উঁচিয়ে চলে গেল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ঘর কে কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় চল্লিশ হাজার নেটাগরিক ভিডিয়োটি দেখে ফেলেছেন। হাজারের কাছাকাছি মানুষ ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকম মন্তব্যে ভরে গিয়েছে পোস্টটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এই ভিডিয়োটি যাত্রীদের জন্য একটি বড় সতর্কবার্তা।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘রেলস্টেশনে মোবাইল কখনও পকেটে রেখে ঘুমোনো উচিত নয়।’’

Advertisement
আরও পড়ুন