Viral Video

‘গোবর খা’! ক্ষুধার্ত বধূকে বললেন শাশুড়ি, মারলেন চটি ছুড়ে, দাঁড়িয়ে দেখল ‘মায়ের আদরের খোকা’, ভাইরাল ভিডিয়ো

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণীকে অকথ্য ভাষায় আক্রমণ করলেন তাঁর শাশুড়ি, মারলেন চটি ছুড়েও। এ অন্যায়ের বিরুদ্ধে কোনও প্রতিবাদ করেননি ওই তরুণীর স্বামী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১৪:০০

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

নারী নির্যাতন একটি চিরকালীন সমস্যা। মেয়েরা যতই পড়াশোনা করুক, কর্মক্ষেত্রে সফল হোক, কিছু মানুষের মনে এখনও বাসা বেঁধে রয়েছে পিতৃতন্ত্র। অনেকেই ভুলে যান যে বাড়ির বৌকেও মানুষ হিসাবে সম্মান করা উচিত। আর সবচেয়ে দুঃখের ব্যাপার হল, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক নারীকে নির্যাতন করছেন অপর এক নারীই। সম্প্রতি এমন একটি ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, যা দেখে ক্ষোভে ফুঁসে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা।

Advertisement

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, এক তরুণী এবং তাঁর শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা চলছে। তরুণীর অভিযোগ, তাঁকে খেতে দেওয়া হয় না। তখন আর এক মহিলা তাঁকে গোবর খেতে বলেন। জানা গিয়েছে, তিনি ওই তরুণীর শাশুড়ি। পাশে আর এক তরুণকে বিষয়টির ভিডিয়ো করতে দেখে রেগে যান ওই মহিলা। ভিডিয়োয় ওই তরুণকে সঞ্জু বলে ডাকতে শোনা গিয়েছে।

ওই তরুণী আরও অভিযোগ করেন যে তাঁর শাশুড়ি সব সময়ই তাঁর এবং তাঁর স্বামীর মধ্যে ঝামেলা তৈরি করতে চেষ্টা করে থাকেন। তরুণীর দাবি, তিনি অনেক দিন থেকেই তাঁর স্বামীকে আলাদা থাকার জন্য বলে চলেছেন, কিন্তু ওই তরুণ তাতে কান দিচ্ছেন না। ঝামেলার এক পর্যায়ে দেখা যায়, পুত্রবধূকে লক্ষ্য করে চটি ছুড়ে মারেন ওই মহিলা। তাতেও কোনও জোরালো প্রতিবাদ করেননি ওই তরুণ। তিনি কেবল বলেন যে, কাল ছুটির দিনে তাঁরা একটি ফ্ল্যাট দেখে যাবেন। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

এক্সের (সাবেক টুইটার) ‘অলথিংসঅ্যাবজ়ার্ড’ নামের অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ঘটনাটি কোথাকার তা জানা যায়নি। ভিডিয়োটির ক্যাপশনে ওই তরুণকে ‘মায়ের আদরের খোকা’ (মাম্মাজ় বয়) বলে ব্যঙ্গ করা হয়েছে। ঘটনাটি ছড়িয়ে পড়ার পরে ক্ষোভপ্রকাশ করেছেন নেটাগরিকেরা। প্রায় ৩ লাখ বার ভিডিয়োটি দেখা হয়েছে। অজস্র মন্তব্য জমা পড়েছে। অনেকে পুলিশি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। কেউ কেউ আবার ওই তরুণীকেই প্রতিবাদী হয়ে উঠতে পরামর্শ দিয়েছেন। এক সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “কী মেরুদণ্ডহীন স্বামী! এই ধরনের পুরুষদের বিয়ে করাই উচিত নয়।”

Advertisement
আরও পড়ুন