Trending

‘মাকে দেওয়া কথা রাখতে পেরেছি’! মাইনের টাকায় মায়ের ইচ্ছাপূরণ তরুণের, প্রশংসায় ভরাল নেটপাড়া

সম্প্রতি ভাইরাল হওয়া একটি পোস্টে এক সন্তান তাঁর মায়ের জন্য যে কাজ করেছেন, তা দেখে প্রশংসার ঝড় উঠেছে নেটপাড়ায়। মাইনের টাকায় মাকে জীবনে প্রথম বার বিমানে সফর করালেন এক ব্যক্তি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৯:০৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বলা হয়ে থাকে, একজন মা তাঁর সন্তানকে সফল করে তোলার চেষ্টায় নিজের সব সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করেন। সেই সন্তানই যখন বড় হয়ে মায়ের কোনও ইচ্ছা পূরণ করে, তখন মায়ের যে আনন্দ হয়, তার কোনও তুলনা নেই। সম্প্রতি এমনই একটি ঘটনা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেটপাড়া।

Advertisement

সমাজমাধ্যম রেডিটের ‘টুয়েন্টিসঅফইন্ডিয়া’ থেকে একটি পোস্ট করা হয়েছে। সেখানে একটি ছবিতে এক মহিলাকে দেখা যাচ্ছে। তার পরনে লাল-সাদা সালোয়ার-কামিজ। তবে তাঁর মুখ দেখা যাচ্ছে না। মুখ একটি হাসিমুখের ইমোটিকন দিয়ে ঢাকা রয়েছে। ওই মহিলা একটি বিমানবন্দরের রানওয়ের কাছে দাঁড়িয়ে আছেন এবং তাঁর পেছনে একটি বিমানও দাঁড়িয়ে রয়েছে।

ছবিটির ক্যাপশন থেকে জানা গিয়েছে ওই মহিলা পোস্টদাতার মা। পোস্টদাতা লিখেছেন, মাইনের টাকায় তিনি তাঁর মাকে জীবনে প্রথম বার বিমানসফর করালেন। তিনি এ-ও লিখেছেন যে, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো অবস্থা নেই তাঁর। তাঁর মন একেবারে ভরে আছে। একসময় তিনি নিজেকে ব্যর্থ সন্তান বলে মনে করতেন, এ কথাও লিখেছেন ওই ব্যক্তি। যদিও পোস্টটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

এই পোস্টটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া মাত্রই মানুষজন ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। সকলেই ছেলেটির প্রশংসা করেছেন। তিনি যে নিজেকে ‘ব্যর্থ সন্তান’ বলেছেন, তাঁর বিরোধিতা করছেন অনেকেই। তাঁরা জানান, মায়ের মুখের হাসিই তাঁর জীবনের শ্রেষ্ঠ শিরোপা। এক নেটাগরিক লিখেছেন, “অভিনন্দন ভাই! যাঁরা প্রথম বার বিমানে ভ্রমণ করেন, তাঁদের আমার খুব ভাল লাগে, কারণ তাঁদের আনন্দের কোনও তুলনা হয় না।”

Advertisement
আরও পড়ুন