Biswajit Chatterjee

‘অভিনয় শুরুর আগে নানা জায়গায় আমার আঁকা ছাপা হত’, এখনও রং-তুলির অভ্যাস আছে বিশ্বজিতের?

অভিনয়জীবন শুরুর আগে থেকেই রংতুলির প্রতি টান তাঁর। কখনও কোনও দিন কারও কাছে ছবি আঁকা শেখেননি বিশ্বজিৎ চট্টোপাধ্যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ২০:১১
বিশ্বজিৎ চট্টোপাধ্যায় নিজের কোন গুণের কথা বললেন?

বিশ্বজিৎ চট্টোপাধ্যায় নিজের কোন গুণের কথা বললেন? ছবি: সংগৃহীত।

চোখে চশমা, মাথায় টুপি, কাঁধ পর্যন্ত চুল আর মুখে একগাল দাড়ি। হাতে আঁকা ছবিতে অবিকল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এই ভাবেই ‘রকস্টার’ ছেলের ছবি এঁকেছেন। গর্বিত ছেলে সেই ছবিই ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। এখনও কি আঁকার চর্চা করেন প্রবীণ নায়ক?

Advertisement

অভিনয়জীবন শুরুর আগে থেকেই রং-তুলির প্রতি টান বিশ্বজিতের। আনন্দবাজার ডট কম-কে অভিনেতা বললেন, “এটা আমার ঈশ্বরপ্রদত্ত গুণ বলা যেতেই পারে। কারণ, কখনও কোনও দিন কারও কাছে ছবি আঁকা শিখিনি। আমার আঁকা তো সেই সময়ে ‘উল্টোরথ’ ম্যাগাজ়িনে ছাপা হত। এখন তো সে ভাবে আর চর্চা করি না। তখন চারকোল, অয়েল পেন্টিং সবই করতাম। কোথাও প্রশিক্ষণ নিইনি।”

ছেলের প্রসেনজিতের ছবি এঁকেছেন বিশ্বজিৎ।

ছেলের প্রসেনজিতের ছবি এঁকেছেন বিশ্বজিৎ। ছবি: ইনস্টাগ্রাম।

এখনও সময় পেলে, কোথাও ঘুরতে গেলে প্রকৃতির ছবি আঁকতে ভালবাসেন বিশ্বজিৎ। ছেলে প্রসেনজিতের নতুন সিনেমা আসছে, সেই খবর পেয়েই আবার ছবি আঁকার ইচ্ছা হয় প্রবীণ অভিনেতার। তিনি বললেন, “মেয়ে দেখাল, বুম্বার নতুন ছবির প্রচার-ঝলক। গান শোনাল। শুনলাম। তার পরে মনে হল, ওইরকম রকস্টারের ছবি আঁকি। বুম্বার এমন ছবি আমি কিন্তু কিছু দেখে আঁকিনি। মনে মনে যে ছবি দেখেছিলাম, সেই ভাবেই এঁকেছি।”

কিছু দিনের মধ্যেই মুক্তি পাবে প্রসেনজিতের নতুন ছবি ‘অভিমান’। যে ছবির প্রচার-ঝলক, গান ইতিমধ্যেই এসেছে প্রকাশ্যে। যা নিয়ে দর্শকের মনে কৌতূহল তৈরি হয়েছে। কয়েক সেকেন্ডের ঝলকে মনে হচ্ছে ‘রকস্টার’-এর চরিত্রে দেখা যাবে নায়ককে।

ছেলের নতুন ছবি নিয়ে একই ভাবে কৌতূহলী বাবা বিশ্বজিৎও। তিনি বললেন, “বার্ধক্যের কারণে কলকাতায় যেতে পারব না। তবে বুম্বা যদি মুম্বইয়ে কাকাবাবুর মতো বিশেষ কোনও প্রদর্শনের ব্যবস্থা করে, তা হলে নিশ্চয়ই যাব। আমার আশীর্বাদ সব সময়ে ওর সঙ্গে আছে। ‘পদ্মশ্রী’ সম্মান নিয়েও প্রথমে আমার সঙ্গে দেখা করে গিয়েছে ও। আরও উন্নতি করুক, এটাই চাইব। অবসরে হঠাৎই মনে হল বুম্বার ওরকম একটা ছবি আঁকি।” প্রবীণ অভিনেতা জানিয়েছেন, ছবি এঁকে তিনিই ছেলেকে পাঠিয়েছিলেন। খুবই ভাল লেগেছে ছেলে প্রসেনজিতেরও।

Advertisement
আরও পড়ুন