Viral Video

এক বাইকে নয় সওয়ারি! ট্রাফিক নিয়ম জলাঞ্জলি দিয়ে সপরিবার বাজার করতে বেরোলেন তরুণ, ভিডিয়ো ভাইরাল

এক তরুণ বাইক চালাচ্ছেন। তাঁর সামনে কোনও রকমে চাপাচাপি করে বসে রয়েছে তিন খুদে। কেউ বাইকে বসে আইসক্রিম খাচ্ছে, কারও হাতে আবার খেলনা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১১:৪১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পরিবারের কচিকাঁচাদের নিয়ে কেনাকাটি করতে বাজারে গিয়েছিলেন এক তরুণ। যাতায়াতের জন্য কোনও গণপরিবহণের ধার ধারলেন না তিনি। সকলকে নিজের বাইকে বসিয়ে নিলেন। তাঁর সঙ্গে ছিলেন আরও দুই তরুণী। কোলে বাচ্চা নিয়ে তাঁরাও বসে পড়লেন বাইকে। সপরিবার বাইকে চেপে বাজারে গেলেন তাঁরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘লাল্লু রাম’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ বাইক চালাচ্ছেন। তাঁর সামনে কোনও রকমে চাপাচাপি করে বসে রয়েছে তিন খুদে। কেউ বাইকে বসে আইসক্রিম খাচ্ছে, কারও হাতে আবার খেলনা। তরুণের পিছনে বসে রয়েছেন দুই তরুণী। তাঁদের কোলে রয়েছে বাচ্চা। বাইকের পিছনের স্ট্যান্ডে দাঁড়িয়ে সামনে বসে থাকা তরুণীকে জাপটে রয়েছে এক বালিকা।

চালক ছাড়া আরও আট জন সওয়ার সেই বাইকে। সম্প্রতি এই ঘটনাটি মধ্যপ্রদেশের কাটনায় ঘটেছে। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই তা ট্রাফিক পুলি‌শের নজরে পড়ে। ওই তরুণের খোঁজে নেমে পড়েছে তারা।

স্থানীয়দের একাংশের দাবি, পরিবারের সদস্যদের নিয়ে বাজার করতে গিয়েছিলেন ওই তরুণ। একসঙ্গে যাতায়াতের জন্য এক বাইকেই গাদাগাদি করে বসে পড়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। ভিডিয়োটি দেখে ক্ষোভপ্রকাশ করে এক নেটাগরিক লিখেছেন, ‘‘এত জন মিলে বাইকে উঠেছে! কারও মাথায় হেলমেট নেই। কোনও দুর্ঘটনা হলে তার দায় কে নেবে?’’

Advertisement
আরও পড়ুন