ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ঊর্ধ্বগতিতে ছুটে চলেছে ট্রেন। বাইরেটা দেখে মনে হল কোনও প্ল্যাটফর্মের উপর দিয়ে যাচ্ছে। ট্রেনের বগির দরজা খুলে দাঁড়িয়ে রয়েছেন এক রেলকর্মী। পাশে রাখা বর্জ্যপূর্ণ অজস্র প্যাকেট। তার পর সেই রেলকর্মী যা করলেন তা দেখে রাগ হওয়া ছাড়া উপায় নেই। কী করলেন তিনি? সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি ভারতীয় রেলের কোন ট্রেনে ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, চলন্ত ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে রয়েছেন এক রেলকর্মী। তাঁর পাশে রাখা রয়েছে অজস্র প্যাকেট। প্যাকেটগুলি পূর্ণ বিভিন্ন বর্জ্য এবং পচে যাওয়া খাবারে। সেখান থেকে একের পর এক আবর্জনা বার করে রেললাইনের উপর ফেলা শুরু করলেন সেই কর্মী। ট্রেনটি সেই সময় কোনও প্ল্যাটফর্মের উপর দিয়ে যাচ্ছিল। কিন্তু সে সবের তোয়াক্কা করলেন না সেই কর্মী। একের পর এক খাবারসমেত প্লেট, বর্জ্য, পচে যাওয়া খাবার প্রভৃতি রেললাইনের উপর ফেলে চললেন তিনি। এমনকি সেই প্লাস্টিকগুলোকেও ফেলা হল রেললাইনের উপরেই। সাহায্য করলেন আরও দুই রেলকর্মী। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘স্বতন্ত্র_অনুজ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ২০ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এ সমস্ত কর্মীদের প্রশিক্ষণে ঘাটতি থাকাই এমনটা হওয়ার প্রধান কারণ।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘যত দিন না মানসিকতার পরিবর্তন হচ্ছে, তত দিন এমন চলতেই থাকবে।’’