viral video

পরনে খাকি উর্দি-পাগড়ি, ছুটে এসে তরুণকে স্যালুট পুলিশকর্মীর! চোখের জলে ভাসলেন দু’জনেই, ভিডিয়ো ভাইরাল

ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিয়োয় মুম্বই পুলিশের একটি অনুষ্ঠানের দৃশ্য দেখা গিয়েছে। সেখানে পুলিশের উর্দিপরা তরুণকে ভিড়ের মধ্যে অপেক্ষারত আরও এক তরুণের দিকে এগিয়ে আসতে দেখা গিয়েছে। খাকি উর্দি পরিহিত এক তরুণ এগিয়ে এসে অন্য তরুণকে স্যালুট জানান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ০৭:৫৭

ছবি: সংগৃহীত।

পুলিশ বাহিনীর প্রশিক্ষণ পরবর্তী কুচকাওয়াজ চলছিল মুম্বইয়ে। সেখানেই পুলিশের উর্দি পরা এক তরুণকে দেখে কান্নায় ভেঙে পড়লেন আর এক তরুণ। উর্দিপরা তরুণ কাছে এগিয়ে আসতেই চোখের জল যেন বাঁধ মানছিল না অপর তরুণের। সেই আবেগঘন মুহূর্তটিই ক্যামেরাবন্দি হয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিয়ো মুম্বই পুলিশের একটি অনুষ্ঠানের দৃশ্য দেখা গিয়েছে। সেখানে পুলিশের উর্দিপরা তরুণকে ভিড়ের মধ্যে অপেক্ষারত আরও এক তরুণের দিকে এগিয়ে আসতে দেখা গিয়েছে। খাকি উর্দি পরিহিত এক তরুণ এগিয়ে এসে অন্য তরুণকে স্যালুট জানান। তাঁদের মাঝের দূরত্ব কমতে থাকার সঙ্গে সঙ্গে অন্য জনের মুখের ভাব বদলাতে শুরু করে। সাধারণ শার্ট-প্যান্ট পরে থাকা তরুণের চোখের জল বাঁধ মানছিল না। সংবাদ প্রতিবেদন অনুসারে, দুই তরুণ একে অপরের সহোদর। ভাইকে সরকারি উর্দিতে দেখে আবেগে ভেসে গিয়েছিলেন দাদা। তিনিও পেশায় বনরক্ষী। নিজেকে সামলে নেওয়ার বহু চেষ্টা করলেও লুকোনো সম্ভব ছিল না।

ভিডিয়োটির শেষের দিকে দেখা যায় ভাই মাথা থেকে পাগড়ি খুলে দাদার মাথায় পরিয়ে দেন। আনন্দের আতিশয্যে দুই ভাই একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেন, যা দেখে সমাজমাধ্যম ব্যবহারকারীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। ইনস্টাগ্রামে ‘আসলাম _অফিসিয়াল১০০’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা বহু নেটাগরিকের নজর কেড়েছে। ৪৪ লক্ষেরও বেশি মানুষ লাইক করেছেন। দু’ভাইয়ের আন্তরিক মুহূর্তটি দর্শকের হৃদয় ছুঁয়ে গিয়েছে। সমাজমাধ্যমে অনেকেই জানিয়েছেন যে তাঁরাও দৃশ্যটি দেখে সমান ভাবে আবেগাপ্লুত হয়েছেন।

Advertisement
আরও পড়ুন