ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
আবাসন থেকে বেরিয়ে রাস্তার সামনে পথকুকুরকে খাওয়াচ্ছিলেন এক তরুণী। সেই দৃশ্য দেখে তেড়ে যান সেই আবাসনের এক তরুণ বাসিন্দা। আবাসনের নিরাপত্তারক্ষী কেন পথকুকুরকে লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দেননি, সেই অভিযোগ তুলে নিরাপত্তারক্ষীকে মারধর করতে শুরু করেন তরুণ। এমনকি, তরুণীর উদ্দেশে কটূক্তি করেন তিনি। তরুণের সঙ্গে কথোপকথনের ভিডিয়ো ক্যামেরায় বন্দি করেন তরুণী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘প্রীতিস্টার১৪০৬’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মাঝরাস্তায় চিৎকার করে এক তরুণীর উদ্দেশে অশালীন মন্তব্য করেন এক তরুণ। দু’জনে একই আবাসনের বাসিন্দা। তরুণী আবাসনের বাইরে এসে দরজার সামনে পথকুকুরকে খাওয়াচ্ছিলেন। তা নিয়ে সমস্যা দেখা দেয় তরুণের। নিরাপত্তারক্ষী কেন কুকুরটিকে তাড়িয়ে দেননি সে কারণে তাঁকে মারধর করতে শুরু করেন তরুণ। সেই তরুণী বাধা দিলে তাঁর উপরও খেপে যান তিনি।
মাঝরাস্তায় দাঁড়িয়ে তরুণীকে তিনি বলতে থাকেন, ‘‘আপনি নিজের ঘরে সুন্দর। আমার কাছে নয়। আপনার মতো মেয়েদের সঙ্গে আমি কথা বাড়াতেই চাই না। ১৭-১৮ জনের বেশি প্রেমিকা ছিল আমার। আমি সবাইকে ছেড়ে দিয়েছি। কারণ, ওদের সঙ্গে কথা বাড়াতেই ইচ্ছা করত না। শুনুন, আমার ৩২ বছর বয়স হয়েছে। ১৮-১৯ বছরের মেয়ের সঙ্গেও আমি প্রেম করেছি। আপনার বয়স একটু কম হলে আপনার সঙ্গেও প্রেম করতাম। তার পর মাঝরাস্তায় ছেড়ে চলে যেতাম।’’
তরুণী পুরো ঘটনাটিই ফোনে রেকর্ড করছেন দেখে তরুণ রেগে গিয়ে বলেন, ‘‘ফোনে আরও রেকর্ড করুন। এ সব করে কিছুই হবে না।’’ এমনকি, এক পথচারীর কাছেও তরুণীর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ জানাতে শুরু করেন তিনি। এই ঘটনাটি সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ জেলার একটি আবাসনে ঘটেছে। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই তরুণকে ঘিরে সমালোচনার বন্যা বয়ে গিয়েছে। এক নেটাগরিক কটাক্ষ করে লিখেছেন, ‘‘তরুণের মাথায় গন্ডগোল রয়েছে মনে হয়। পথকুকুরকে খাওয়ানো নিয়ে সমস্যা, অথচ নিজের জীবন নিয়ে বড়াই করে আলোচনা করছেন। পিতৃতান্ত্রিক সমাজের নিকৃষ্ট উদাহরণ। তরুণের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা প্রয়োজন।’’