যুবককে ঘুষি মারলেন তরুণীর স্বামী। ছবি: এক্স থেকে নেওয়া।
পানশালায় স্ত্রীর সঙ্গে অভব্যতা। পিছন থেকে জড়িয়ে ধরার চেষ্টা! মেনে নিলেন না স্বামী। শিক্ষা দিলেন যুবককে। বিরাশি সিক্কার এক ঘুষিতে কুপোকাত করলেন তাঁকে। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি পানশালার অন্দরে পুল খেলার প্রস্তুতি নিচ্ছেন এক দম্পতি। এমন সময় এক মদ্যপ যুবক তরুণীর দিকে এগিয়ে আসেন। পিছন থেকে অশালীন ভাবে স্পর্শ করেন তাঁকে। আর তা দেখেই রেগে যান তরুণীর স্বামী। যুবকের দিকে ছুটে গিয়ে তাঁর মুখে সজোরে ঘুষি মারেন। মাটিতে পড়ে যান যুবক। আর উঠতে পারেননি। সংক্ষিপ্ত ধস্তাধস্তির সময় স্বামীকে বাধা দিতে গিয়ে সামান্য আহত হন তাঁর স্ত্রী। পরে এক কর্মী এসে দম্পতিকে পানশালা থেকে চলে যাওয়ার পরামর্শ দেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও এই ঘটনায় জড়িতদের পরিচয় এবং ঘটনাটি কোথায় ঘটেছে তা ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। এই ঘটনার পর কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা-ও জানা যায়নি।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ইনসেন ভিডস’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নেটাগরিকদের অনেকে যেমন ভিডিয়োটি দেখার পর বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। অনেকে আবার তরুণীকে হেনস্থা করা যুবকের শাস্তির দাবিতে সরব হয়েছেন। স্ত্রীকে রক্ষা করার জন্য তরুণীর স্বামীর প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘সঠিক শিক্ষা দিয়েছেন। মদ খেয়ে সংযত না থাকতে পারলে এমনই হওয়া উচিত।’’