Viral Video

পথচারীকে ধাক্কা মেরে উড়িয়ে দিল গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে সোজা খালে, ভয় ধরানো দুর্ঘটনার ভিডিয়ো ভাইরাল

একটি গাড়ি পথচারীকে ধাক্কা দিয়ে সোজা খালের দিকে এগিয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে খালের রেলিং ভেঙে সোজা জলে পড়ে যায় গাড়িটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ০৯:৫০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তা পার করার জন্য চুপচাপ দাঁড়িয়ে ট্রাফিকের সবুজ সিগনালের জন্য অপেক্ষা করছিলেন এক পথচারী। বিপরীত দিক থেকে একটি গাড়ি সোজা পথে আসছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ধাক্কা মারে গাড়িটি। ধাক্কা খেয়ে পথচারী উড়ে আবার রাস্তায় ছিটকে পড়েন। গাড়িটি নিয়ন্ত্রণ সামলাতে না পেরে খালের রেলিং ভেঙে সোজা জলে পড়ে যায়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ফার্স্টপোস্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি গাড়ি পথচারীকে ধাক্কা দিয়ে সোজা খালের দিকে এগিয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে খালের রেলিং ভেঙে সোজা জলে পড়ে যায় গাড়িটি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি বুধবার ভোর ৬টায় সেন্ট পিটার্সবার্গের লামমন্তোভয়েস্কি অ্যাভিনিউ এলাকায় ঘটেছে।

৫১ বছর বয়সি চালকের দাবি, গাড়ি চালানোর সময় মাথা ঘুরছিল তাঁর। গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ধাক্কা মেরে দেন তিনি। তার পর খালে পড়ে যান। জলে পড়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গাড়ি থেকে বেরিয়ে যান চালক। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ। পথচারী এবং চালককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা স্বাস্থ্যপরীক্ষা করে জানিয়েছেন, চালকের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম রয়েছে। পথ দুর্ঘটনার ফলে সামান্য আঘাতও পেয়েছেন তিনি। গুরুতর আহত হয়েছেন পথচারী। দু’জনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে।

Advertisement
আরও পড়ুন