ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বাঁশের টুকরো আড়াআড়ি ভাবে রেখে দু’দিকে ছেঁড়া শাড়ি বেঁধে কোলের শিশুর জন্য দোলনা তৈরি করেছিলেন তরুণী। মাথার উপর ছাদ নেই তাঁর। পেটের ভাত প্রতি দিন না জুটলেও সন্তানকে আদরে মুড়ে রাখেন তরুণী। কিন্তু শাড়ি বাঁধা দোলনা রাস্তায় ছুড়ে ফেলে দিলেন এক পুলিশকর্মী।
পুলিশের কাণ্ড দেখে সেখানে দৌড়ে গেলে অবাক হয়ে যান তরুণী। তাঁর সন্তানের জন্য নতুন দোলনা কিনে এনেছেন সেই পুলিশকর্মী। উপহার পেয়ে আনন্দ আর ধরে রাখতে পারলেন না তরুণী। পুলিশকর্মীর পা ছুঁয়ে প্রণাম করে ফেললেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘কপ্সসুশীলকে_১৮’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ফুটপাতবাসী এক তরুণীকে দোলনা উপহার দিচ্ছেন এক পুলিশকর্মী। দোলনাটি ফুটপাতে রাখার পর তরুণীর কোল থেকে তাঁর সন্তানকে নিয়ে আদর করতে করতে সেই দোলনায় শুইয়ে দেন ওই পুলিশকর্মী। এই ঘটনাটি মুম্বইয়ে ঘটেছে। পুলিশকর্মীর নাম সুশীল শিখারে।
তরুণী বাঁশের টুকরোর দু’দিকে ছেঁড়া শাড়ি বেঁধে তাঁর কোলের শিশুর জন্য দোলনা বানিয়েছিলেন। এমন ভাবে ছোট্ট শিশুকে দোল খাওয়ানো যে বিপজ্জনক তা বুঝে দোলনাটি ছুড়ে রাস্তায় ফেলে দেন সুশীল। পুলিশের কাণ্ড দেখে তাঁর সঙ্গে কথা বলতে যান ফুটপাতবাসী তরুণী। তখনই তরুণীর সন্তানকে উপহারস্বরূপ দোলনা দেন সুশীল। ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। পুলিশকর্মীর উদ্দেশে এক নেটাগরিক লিখেছেন, ‘‘কর্তব্যের মাঝেও যে আপনি এত ছোটখাটো জিনিসের প্রতি নজর রেখেছেন, তা দেখে খুব ভাল লাগল।’’