ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মাঝরাতে আসবাবপত্র নির্মাণের দোকানে ফাঁক পেয়ে ঢুকে পড়ল একটি মস্ত বড় অজগর। তা দেখে দোকানের কর্মীরা চিৎকার-চেঁচামেচি করতে শুরু করলেন। সঙ্গে সঙ্গে সর্প উদ্ধারকারীদের খবর পাঠানো হয়। দেরি না করে ঘটনাস্থলে পৌঁছে যান দুই তরুণ। খালি হাতে সাপ উদ্ধার করে কাপড়ের ব্যাগে ভরে ফেলেন তাঁরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘এবিপি মাঝা’ নামের অ্যাকাউন্ট থেকে ইউটিউবের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দুই তরুণ খালি হাতে মস্ত বড় অজগর ধরে রয়েছেন। এক জন অজগরের মাথা চেপে রয়েছেন এবং অন্য জন অজগরটির লেজ ধরে সেটিকে একটি কাপড়ের ব্যাগে ঢোকানোর চেষ্টা করছেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি সম্প্রতি মহারাষ্ট্রের কল্যাণের গান্ধারি রোডের আসবাব নির্মাণের দোকানে ঘটেছে।
জানা গিয়েছে, রাত ২টো নাগাদ দোকানের ভিতর একটি অজগর ঢুকে পড়ে। সর্প উদ্ধারকারীদের খবর দিলে তাঁরা দেরি না করে দোকানের ঠিকানায় পৌঁছে যান। সাপটিকে উদ্ধার করে সেখান থেকে বেরিয়েও যান তাঁরা। জানা গিয়েছে, বন দফতরের সাহায্য নিয়ে অজগরটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে। ভিডিয়োটি দেখে তরুণদের প্রশংসায় ভরিয়ে দেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক আবার মজা করে লিখেছেন, ‘‘ঘরের আসবাব কতটা তৈরি হয়েছে তার তদারকি করতে এসেছিল মনে হয় অজগরটি।’’