Viral Video

সেতু থেকে লাফানোর চেষ্টা, মোক্ষম সময়ে চুলের মুঠি ধরে তরুণীকে উদ্ধার ক্যাবচালকের! ভাইরাল ভিডিয়োয় হইচই

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তরুণী মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন। শহরের একটি সেতু থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন তিনি। এমন সময় বাস্তবের নায়কের মতো সেখানে আবির্ভূত হন এক ক্যাবচালক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১৩:৫১
Video shows a cab driver from Mumbai saving woman in a bridge

ছবি: এক্স থেকে নেওয়া।

সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন তরুণী। প্রাণ বাঁচালেন এক ক্যাবচালক। মোক্ষম সময়ে গিয়ে চুলের মুঠি ধরলেন তরুণীর। ও ভাবেই ধরে রাখলেন। এর পর পুলিশের দুই কর্মী এসে ঝুলন্ত তরুণীকে সেতুর উপরে তুলে আনেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তরুণী মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন। শহরের একটি সেতু থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন তিনি। এমন সময় বাস্তবের নায়কের মতো সেখানে আবির্ভূত হন এক ক্যাবচালক। প্রথমে বুঝিয়ে-সুঝিয়ে সেতুর রেলিং থেকে তরুণীকে নামিয়ে আনার চেষ্টা করেন তিনি। কিন্তু শোনেননি তরুণী। লাফ দিয়ে দেন। সঠিক সময়ে তরুণীর চুলের মুঠি ধরে ফেলেন ক্যাবচালক। ও ভাবেই সেতু থেকে ঝুলতে থাকেন তরুণী। এমন সময় দু’জন পুলিশকর্মী ঘটনাস্থলে দৌড়ে আসেন। সেতুর রেলিংয়ে চড়ে ধীরে ধীরে উদ্ধার করেন ওই তরুণীকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এক্সপ্লোরভারত’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। নেটাগরিকদের অনেকে তাঁকে ‘দেবদূত’, ‘সুপারহিরো’ এবং ‘বাস্তবের নায়ক’ বলেও অভিহিত করছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সব সুপারহিরোর বিশেষ পোশাক থাকে না। অনেক সাধারণ মানুষও সুপারহিরো হতে পারেন। ক্যাবচালক তা-ই প্রমাণ করেছেন।” অন্য এক জন লিখেছেন, ‘‘কী হতে পারত, তা ভাবতেও ভয় লাগছে। ক্যাবচালক বাস্তবের নায়ক। তাঁকে কুর্নিশ।’’

Advertisement
আরও পড়ুন