Viral Video

মুখে কেরোসিন নিয়ে কেরামতির মাসুল, হাতেনাতে মিলল ‘মূর্খামি’র ফল! ভয়ঙ্কর ঘটনার ভিডিয়ো ভাইরাল

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ফাঁকা জায়গায় শামিয়ানা খাটানো হয়েছে। বেশ কিছু মানুষের জমায়েত হয়েছে সেখানে। মধ্যমণি হয়ে দাঁড়িয়ে এক কিশোর। তাকে ঘিরে হইহই করছে কচিকাঁচাদের দল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৪
Video Shows boy performing stunt with kerosene, then something bizarre happened

কেরামতি দেখাতে গিয়ে আগুন ধরল কিশোরের মুখে। ছবি: এক্স থেকে নেওয়া।

রিল বানানোর জন্য মুখে কেরোসিন নিয়ে কেরামতি। কয়েক মুহূর্তের জন্য সারা মুখেই আগুন লেগে গেল কিশোরের! ‘মূর্খ’ তকমা দিল সমাজমাধ্যম। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও পড়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ফাঁকা জায়গায় শামিয়ানা খাটানো হয়েছে। বেশ কিছু মানুষের জমায়েত হয়েছে সেখানে। মধ্যমণি হয়ে দাঁড়িয়ে এক কিশোর। তাকে ঘিরে হইহই করছে কচিকাঁচাদের দল। কিশোরের মুখভর্তি তরল। হাতে লাইটার। হঠাৎ লাইটার জ্বালিয়ে মুখভর্তি তরল আগুনের দিকে ছেটানোর চেষ্টা করে কিশোর। তখনই বিপত্তি বাধে। আগুন ধরে যায় কিশোরের মুখেও। লাফাতে থাকে সে। উপস্থিত কয়েক জন ঝাঁপিয়ে পড়ে আগুন নেবাতে তৎপর হন। কিছু ক্ষণ পর আগুন নেবে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, মুখে কেরোসিন ভরে কেরামতি দেখাচ্ছিল কিশোর। তখনই ওই দুর্ঘটনা ঘটে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দ্য নালন্দা ইনডেক্স’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই বিরক্তি এবং বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। কিশোরের কেরামতির এবং ঘটনাস্থলে উপস্থিত সকলের নিন্দা করেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘বড় বিপদ ঘটতে পারত। ছেলেটিকে মূর্খ ছাড়া আর কিছু বলা যায় না। কিন্তু উপস্থিত সকলেও কি মূর্খ? কিশোরকে আটকানোর প্রয়োজন মনে করল না কেউ?’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘পাকামির ফল। কমবয়সিদের মধ্যে রিলের প্রভাব কী ভাবে পড়েছে, এই ভিডিয়োই তার প্রমাণ।’’

Advertisement
আরও পড়ুন