Viral Video

রেললাইনে মহিষ! হর্ন বাজিয়েও লাভ হল না, জোরে ব্রেক কষলেন চালক, তার পর... ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, কয়েকটি মহিষ রেললাইনের কাছে ঘাস খাচ্ছিল। এর মধ্যে একটি মহিষ রেললাইনের মাঝখানে চলে যায়। ঠিক তখনই একটি ট্রেন ওই লাইন বরাবর এগিয়ে আসতে থাকে। মহিষের জীবন বিপন্ন দেখে হর্ন বাজান ট্রেনের চালক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৮:১৪
Video shows buffalo standing in rail line, loco pilot saves the animal’s life

মহিষকে বাঁচাতে মরিয়া হয়ে দৌড় ট্রেন চালকের। ছবি: এক্স থেকে নেওয়া।

চলন্ত ট্রেনের একেবারে সামনে চলে এসেছিল বিরাট মহিষ। লোকো পাইলট (ট্রেনের চালক)-এর তৎপরতায় প্রাণ বাঁচল প্রাণীটির! ট্রেন থামিয়ে লাইনে এসে মহিষটিকে সরিয়ে দিলেন তিনি। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ট্রেনের নীচে চাপা পড়ে প্রাণীর মৃত্যুর খবর প্রায়ই শোনা যায়। বেশির ভাগ ক্ষেত্রে ট্রেনের গতির কারণেই প্রাণ যায় ওই সব প্রাণীর। কারণ, ট্রেন হঠাৎ করে থামে না। পুরোপুরি ব্রেক কষার আগেই যা হওয়ার হয়ে যায়। তবে ভাইরাল ভিডিয়োটিতে ট্রেনচালককে যে ভাবে রেললাইনে চলে আসা মহিষের প্রাণ বাঁচাতে দেখা গিয়েছে, তা প্রশংসনীয় বলেই মনে করছেন নেটাগরিকেরা।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, কয়েকটি মহিষ রেললাইনের কাছে ঘাস খাচ্ছিল। এর মধ্যে একটি মহিষ রেললাইনের মাঝখানে চলে যায়। ঠিক তখনই একটি ট্রেন ওই লাইন বরাবর এগিয়ে আসতে থাকে। মহিষের জীবন বিপন্ন দেখে হর্ন বাজান ট্রেনের চালক। কিন্তু তাতেও কোনও হেলদোল দেখা যায় না প্রাণীটির মধ্যে। এর পর মহিষের প্রাণ বাঁচাতে মোক্ষম সময়ে ব্রেক কষেন ট্রেনচালক। প্রাণীটির একদম সামনে এসে থামে ট্রেন। এর পর ওই ট্রেনের চালক কেবিন থেকে বেরিয়ে আসেন। রেললাইনে নেমে সরিয়ে দেন মহিষটিকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মো ইসরাফিল’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার ওই ট্রেনচালকের উদারতার কথা উল্লেখ করে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ট্রেনের চালককে কুর্নিশ। তিনি জানেন যে প্রত্যেকের জীবনই মূল্যবান।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ক্যামেরাম্যান কী করছেন? তাঁর সাহায্য করা উচিত ছিল।’’

Advertisement
আরও পড়ুন