পুত্রকে বাঁচাতে মরিয়া পিতা। ছবি: এক্স থেকে নেওয়া।
বাবার সাহসিকতার কাছে হার মানল যমদূত। রেললাইনে খুদে পুত্রকে চেপে শুয়ে থাকলেন তিনি। মাথার উপর দিয়ে বেরিয়ে গেল চলন্ত ট্রেন। অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন দু’জনেই! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ এপ্রিল বিকাল সাড়ে ৩টে নাগাদ ভৈরব স্টেশনে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের নীচে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ট্রেনটি প্রায় দেড় ঘণ্টা দেরিতে পৌঁছোলেও একটি পরিবার নির্ধারিত স্টেশনে নামতে পারেনি। ট্রেনটি আবার চলতে শুরু করলে বাবা তাড়াহুড়ো করে এক বছরের শিশুপুত্রকে কোলে নিয়ে নামার চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রেন থেকে নামার চেষ্টা করার সময় শিশুটি তার বাবার হাত থেকে ফস্কে ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝের সরু ফাঁকে পড়ে যায়। কোনও রকম দ্বিধা না করে ছেলেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন বাবা। শিশুটিকে জড়িয়ে ধরে প্ল্যাটফর্মের কিনারার নীচে দেওয়াল ঘেঁষে শুয়ে পড়েন। আশ্চর্যজনক ভাবে চলন্ত ট্রেনের বগিগুলি তাঁদের উপর দিয়ে চলে গেলেও পিতা এবং পুত্র— দু’জনেই অক্ষত ছিলেন। অলৌকিক ভাবে রক্ষা পান দু’জনেই। ট্রেনটি পুরোপুরি চলে যাওয়ার পর লোকজন তাঁদের সাহায্যে ছুটে আসেন। শিশুটির মা-ও রেললাইনে নেমে এসে স্বামী-সন্তানকে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দ্য প্রিমিয়াম ২৪’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। নেটাগরিকদের একাংশ আবার জানিয়েছেন, ভিডিয়োটি দেখার পর থেকে তাঁরা আতঙ্কিত বোধ করছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘কী ভয়ানক! বলতেই হবে যে অলৌকিক ভাবে প্রাণ বেঁচেছে। বাবার সাহসিকতার কাছে হার মেনেছে যমদূত। তবে সন্তানকে নিয়ে ও ভাবে ট্রেন থেকে নামতে যাওয়াও ঠিক হয়নি।’’