Viral Video

১২০০ টাকা বকেয়া, না মেটানোয় ১৫ সেকেন্ডে পাঁচ বার চড়! মুখ বুজে সহ্য করলেন তরুণী, ভাইরাল ভিডিয়োয় বিতর্ক

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি মনিহারি দোকানের বাইরে এক মধ্যবয়সি মহিলা এক তরুণীকে পর পর চড় মারছেন। কয়েক সেকেন্ডের মধ্যে মোট পাঁচটি চড় মারা হয় ওই তরুণীকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ০৯:৫১
Video shows woman does bizarre thing over unpaid money said to be in Uttar Pradesh

ছবি: এক্স থেকে নেওয়া।

১২০০ টাকা ধার নিয়েছিলেন। দীর্ঘ দিন না মেটানোয় এক তরুণীকে প্রকাশ্যে পর পর চড় মারলেন এক মহিলা। ১৫ সেকেন্ডের মধ্যে তরুণীকে পাঁচটি চড় মারলেন তিনি! চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। বিতর্কের জন্ম দিয়েছে। দাবি, ঘটনাটি উত্তরপ্রদেশের বরেলীর। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি মনিহারি দোকানের বাইরে এক মধ্যবয়সি মহিলা এক তরুণীকে পর পর চড় মারছেন। কয়েক সেকেন্ডের মধ্যে মোট পাঁচটি চড় মারা হয় ওই তরুণীকে। তরুণীও বাধা দেওয়ার কোনও চেষ্টা না করে আঘাত সহ্য করতে থাকেন। দোকানের ভিতরে বসে পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন এক যুবক। কিন্তু তাঁকে কোনও রকম হস্তক্ষেপ করতে দেখা যায় না। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি, দোকানে ১২০০ টাকা বকেয়া পাওনা নিয়েই এই বিবাদ।

‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে শেয়ার করা হয়েছে ভিডিয়োটি। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার ক্ষোভপ্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘চড় মেরে কি বকেয়া টাকা পাওয়া যাবে? এটা অন্যায়। দুর্বলের উপর সবলের অত্যাচার। মহিলার শাস্তি হওয়া উচিত।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘যদি তরুণী ১২০০ টাকা মিটিয়ে দেয়, তা হলে কি তিনি মহিলাকে পাল্টা মারতে পারবেন?’’

ভিডিয়োটি কংগ্রেসের জাতীয় মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতেরও দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি এক্স-এ লিখেছেন, ‘‘উত্তরপ্রদেশের বরেলীতে এক গরিব মহিলা এক ধনী মহিলার কাছ থেকে ১২০০ টাকা ধার নিয়েছিলেন। তিনি তা ফেরত দিতে পারেননি। ধনী মহিলাটি গরিব মহিলাটিকে পাঁচ বার থাপ্পড় মারেন। ধার দিয়েছেন বলে এই নয় যে, কোনও ধনী একজন গরিবকে এ ভাবে মারতে পারবে।’’

Advertisement
আরও পড়ুন