ছবি: পিটিআই।
পদ্ম সম্মানের মঞ্চে নজিরবিহীন দৃশ্য। সম্মান নিতে যাওয়ার আগে সাষ্টাঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রণাম করলেন পদ্মশ্রী প্রাপক। ওই পদ্মশ্রী প্রাপকের নাম কে পাজানিভেল। অস্ত্রভিত্তিক ভারতীয় মার্শাল আর্ট ‘সিলাম্বাম’-এর সাধক, প্রশিক্ষক তিনি। প্রধানমন্ত্রীকে তাঁর সাষ্টাঙ্গে প্রণামের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, সোমবারের পদ্ম সম্মানপ্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিতে যাচ্ছেন পাজানিভেল। সামনের সারিতে বসে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। পাশে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাষ্ট্রপতির কাছে পদ্মশ্রী সম্মান নিতে যাওয়ার আগে মোদীর আসনের সামনে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করেন পাজানিভেল। তাঁকে প্রণাম করতে দেখে আসন ছেড়়ে উঠে আসেন প্রধানমন্ত্রী। নমস্কার করে পাজানিভেলের হাত ধরেন তিনি। এর পর সম্মান গ্রহণের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দিকে এগিয়ে যান পাজানিভেল। পদ্মশ্রী নেওয়ার আগে রাষ্ট্রপতিকেও পায়ে হাত দিয়ে প্রণাম করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সংবাদসংস্থা এএনআইয়ের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর অনেকেই পাজানিভেলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
তামিলনাড়ুতে উদ্ভুত ৫,০০০ বছরেরও বেশি পুরোনো অস্ত্রভিত্তিক ভারতীয় মার্শাল আর্ট ‘সিলাম্বাম’। তারই প্রশিক্ষক পাজানিভেল। মার্শাল আর্টটিকে পুনরুজ্জীবিত করার জন্য পদ্মশ্রী পেয়েছেন তিনি। পুদুচেরির পুরানানকুপ্পম গ্রামে পাজানিভেলের জন্ম। শুধু ভারতে নয়, দেশের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বে ‘সিলাম্বাম’কে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রেও অবদান রয়েছে ৫৩ বছর বয়সি পাজানিভেলের।