Viral Video

বাক্স বাক্স টাকা চুরি করে বেরোন ব্যাঙ্ক থেকে! ৮.৭ কোটি টাকা লোপাটের পরদিন স্বাভাবিক ভাবেই হাজিরা কর্মীর, ভাইরাল ভিডিয়ো

অভিযোগ, ব্যাঙ্কের দু’জন চুক্তিভিত্তিক কর্মীকে সঙ্গে নিয়ে ব্যবহৃত লোহার বাক্স ফেলে দেওয়ার অজুহাতে ব্যাঙ্ক থেকে নগদ টাকা পাচার করেন হরসিদ্ধ। ওই বাক্সগুলি করে ব্যাঙ্ক থেকে তিনি মোট ৮.৭ কোটি টাকা সরিয়ে ফেলেন বলেও অভিযোগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৮:০১
Video shows bank employee from Ahmedabad steals 8.7 crore from bank, arrested later

ছবি: এআই সহায়তায় প্রণীত।

আরবিআই-এর ‘কারেন্সি চেস্ট’ থেকে ৮.৭ কোটি টাকা পাচার এবং সেই চুরি করা অর্থে সম্পত্তি এবং ক্রিপ্টোকারেন্সি কেনার অভিযোগে গ্রেফতার সরকারি ব্যাঙ্কের এক কর্মী। গুজরাতের অহমদাবাদে ব্যাঙ্কের ওই কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে রবিবার পুলিশ জানিয়েছে।

Advertisement

সহকারী পুলিশ কমিশনার হিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ শুক্রবার সোলা এলাকা থেকে অভিযুক্ত হরসিদ্ধ কাদিয়ারকে গ্রেফতার করেছে। তিনি ‘ব্যা‌ঙ্ক অফ বরোদা’র জুনিয়র কাস্টোডিয়ান। অভিযোগ, গত ১৩ জানুয়ারি বহু কোটি টাকার চুরির ঘটনাটি ঘটান তিনি। কাদিয়ারকে আগামী ২৭ মে পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত হরসিদ্ধ কালুপুর এলাকার ব্যা‌ঙ্ক অফ বরোদার গান্ধী রোড শাখায় কর্মরত ছিলেন। ওই ব্যাঙ্কে আরবিআই-এর একটি কারেন্সি চেস্ট রাখা আছে। অভিযোগ, ব্যাঙ্কের দু’জন চুক্তিভিত্তিক কর্মীকে সঙ্গে নিয়ে ব্যবহৃত লোহার বাক্স ফেলে দেওয়ার অজুহাতে ব্যাঙ্ক থেকে নগদ টাকা পাচার করেন হরসিদ্ধ। ওই বাক্সগুলি করে ব্যাঙ্ক থেকে তিনি মোট ৮.৭ কোটি টাকা সরিয়ে ফেলেন বলে অভিযোগ।

সন্দেহ এড়াতে চুরির পরেও অফিসে হাজিরা দিতেন হরসিদ্ধ। ২০ এপ্রিল পর্যন্ত কাজে আসতে থাকেন তিনি এই ভেবে যে চুরির সিসিটিভি ফুটেজ ৯০ দিন পর স্বয়ংক্রিয় ভাবে মুছে যাবে। তার পরেই তিনি উধাও হয়ে যান এবং অসুস্থতার অজুহাতে দীর্ঘ দিন ছুটি নিয়ে নেন। সহকারী পুলিশ কমিশনার হিতেন্দ্র জানিয়েছেন, আরবিআই পরিদর্শনের আগে যাচাইয়ের সময় ‘কারেন্সি চেস্টে’র নতুন নোটগুলি না মেলায় চুরির ঘটনাটি প্রকাশ্যে আসে।

এর পর ১৫ মে কালুপুর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। গ্রেফতার হন হরসিদ্ধ। তাঁকে যেখান থেকে গ্রেফতার করা হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে পুলিশ নগদ ২.২ কোটি টাকা উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত ব্যাঙ্ককর্মীও স্বীকার করেছেন যে, চুরি করা টাকার একটি অংশ দিয়ে চাঁদখেড়ায় একটি বাড়ি, একটি গাড়ি এবং অহমদাবাদে একটি দোকান কিনেছিলেন তিনি। এমনকি, এক মহিলা সহকর্মীকে বাড়ি কেনার জন্য ২৩ লক্ষ টাকা এবং অতিরিক্ত ৫ লক্ষ টাকা নগদ দিয়েছিলেন হরসিদ্ধ। অভিযুক্তেরা চুরির টাকা দিয়ে ক্রিপ্টোকারেন্সি বাজারে লেনদেন শুরু করেন এবং চুরি করা টাকার একটি অংশ সেখানে বিনিয়োগ করেন বলেও জানা গিয়েছে।

হরসিদ্ধ এবং তাঁর সঙ্গীদের ব্যাঙ্ক থেকে টাকা চুরির ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যাঙ্ক থেকে বাক্স বাক্স টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছেন হরসিদ্ধ এবং তাঁর দুই সহযোগী। বেরোনোর সময় হরসিদ্ধকে এ দিক-ও দিক তাকাতেও দেখা যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আনফোল্ডিং ভারত’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

Advertisement
আরও পড়ুন