ছবি: এক্স থেকে নেওয়া।
তিনতলা বাড়িতে আছড়ে পড়ল যাত্রিবাহী বিমান! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব ব্রাজ়িলের বেলো হরাইজ়ন্তেয়। সোমবার সেই ঘটনায় তিন জন নিহত এবং দু’জন আহত হয়েছেন। বিধ্বস্ত আবাসিক ভবনটিও। সেই ঘটনা সংক্রান্ত একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শহরের কেন্দ্র থেকে প্রায় আট কিলোমিটার দূরে পাম্পুলহা বিমানবন্দর থেকে বিমানটি পাঁচ জনকে নিয়ে যাত্রা শুরুর কিছু ক্ষণ পরেই ভেঙে পড়ে। সাও পাওলোগামী ছোট বিমানটি মাত্র কয়েক মিনিট আকাশে থাকার পরেই নীচে পড়ে যায় এবং একটি তিনতলা আবাসিক ভবনে আছড়ে পড়ে। চারিদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘনবসতিপূর্ণ ওই এলাকায়।
ব্রাজ়িলের দমকল বিভাগের কর্তারা নিশ্চিত করেছেন, ওই দুর্ঘটনায় পাইলট এবং সহ-পাইলট উভয়েই ঘটনাস্থলে নিহত হয়েছেন। ধ্বংসাবশেষ থেকে গুরুতর আহত অবস্থায় তিন জন যাত্রীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পর আহত যাত্রীদের মধ্যে এক জন মারা যান। বাকি দু’জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তবে এত বড় দুর্ঘটনা সত্ত্বেও আবাসিক ভবনের ভিতরে থাকা কোনও বাসিন্দা আহত হননি এবং ভবনটিরও বিশেষ কোনও ক্ষতি হয়নি বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। তাঁদের দাবি, বিমানটি ছোট হওয়ার কারণেই বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। বেলো হরাইজ়ন্তের ওই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটির কোনও ইঙ্গিত পাওয়া যায়নি বলেও কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
দুর্ঘটনার যে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে, সেখানে আবাসিক ভবনের সঙ্গে বিমানটির সংঘর্ষের মুহূর্তটি ধরা পড়েছে। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, দুর্ঘটনার কিছু ক্ষণ পরেই বাড়িটির ভিতরে একটি সিঁড়িতে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি বসে রয়েছেন এবং বিমানের কিছু অংশ কাঠামোর দেওয়ালে আটকে রয়েছে। ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সংবাদমাধ্যম ‘নিউজ় ডে মান্ডো’ এবং ‘আরটি’র এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।