Bizarre Incident

স্নান করে ভুলে গেলেন কল বন্ধ করতে, বরফের চাদরে ঢাকল আবাসন! তরুণীর ভুল শুধরোতে আনা হল বস্তা বস্তা নুন

ওয়াং নামের ওই তরুণী চিনের গানসু প্রদেশের ল্যানঝোর এলাকার বাসিন্দা। সম্প্রতি রাতে স্নান করার পর সৌরশক্তিচালিত হিটারের সঙ্গে যুক্ত কল বন্ধ করতে ভুলে যান তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৮
Woman from China forgets to turn off water tap, whole area covered in ice

ছবি: এআই সহায়তায় প্রণীত।

স্নান করার পর কল বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। তরুণীর ওই ছোট্ট ভুলের পরিণাম যা হল, তা সমাজমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ঘটনাটি ঘটেছে চিনে। চিনের সংবাদমাধ্যম ‘দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, মহিলা কল খুলে রাখার কারণে প্রচুর জল বেরিয়ে আবাসন এলাকা রাতারাতি বরফে ঢেকে যায়। সকালে ঘুম থেকে উঠে থ হয়ে যান মহিলা এবং আবাসনের অন্য বাসিন্দারা।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওয়াং নামের ওই তরুণী চিনের গানসু প্রদেশের ল্যানঝোর এলাকার বাসিন্দা। সম্প্রতি রাতে স্নান করার পর সৌরশক্তিচালিত হিটারের সঙ্গে যুক্ত কল বন্ধ করতে ভুলে যান। ফলে ট্যাঙ্ক থেকে রাতে টানা ন’ঘণ্টা জল বেরোতে থাকে। আবাসন চত্বর জলে ভরে যায়। কিন্তু রাত বেশি হওয়ায় আবাসনের সকলে ঘুমিয়ে গিয়েছিলেন। টের পাননি ওয়াংও। রাতে ওই এলাকার তাপমাত্রা হিমাঙ্কের আট ডিগ্রি নীচে নেমে যাওয়ায় ওই জল বরফে পরিণত হয়। বরফের চাদরে ঢাকা পড়ে আবাসন চত্বর। আবাসনের সামনের রাস্তাতেও জল জমে বরফে পরিণত হয়। সকালে এক বাসিন্দা বিষয়টি চাক্ষুষ করে আবাসনের বাকিদের জানান। দেখা যায়, ওয়াং কল খুলে রাখার কারণেই ওই কাণ্ড ঘটেছে। বিক্ষোভ দেখান প্রতিবেশীরা। এর পর ওয়াঙের পরিবার ওই বরফ সরানোর দায়িত্ব নেয়। সকলের কাছে ক্ষমাও চান ওয়াং।

সংবাদমাধ্যমে ওয়াং বলেন, ‘‘ওই দিন রাতে আমি স্নান করতে গিয়েছিলাম। কিন্তু বাড়ির সৌরশক্তিচালিত হিটারের সঙ্গে যুক্ত কল বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। ট্যাঙ্ক থেকে ন’ঘণ্টা ধরে জল বেরিয়ে আসে। পরদিন সকালে আমাদের আবাসনের সামনের অংশ বরফে ঢাকা পড়ে। দেখে মনে হচ্ছিল স্কেটিং করার জায়গা। আমার কারণেই এই ঘটনা ঘটে। আমি দুঃখিত।’’

বরফ সরানোর জন্য তাঁর পরিবারের তরফে বস্তা বস্তা নুন ঢালা হয়েছিল বলেও জানিয়েছেন ওয়াং। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই হইচই পড়েছে নেটমাধ্যমে। আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে চিনের সেই ঘটনা।

Advertisement
আরও পড়ুন