South 24 Pargana Incident

মাঝরাস্তায় দাদাকে ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপ ভাইয়ের, ঘটনাস্থলেই মৃত্যু! উত্তেজনা জয়নগরে, নেপথ্যে কী কারণ?

পরিবার সূত্রে জানা গিয়েছে, একটি পুকুরের মালিকানা এবং মাছ ধরা নিয়ে দীর্ঘ দিন ধরে দুধকুমার বৈদ্য এবং তাঁর কাকার ছেলে নিমাইয়ের মধ্যে বিবাদ চলছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১২:০১
Allegation of elder brother\\\\\\\'s murder by younger brother in Jaynagar, South 24 Parganas

মৃতের বাড়ির সামনে স্থানীয়েরা। —নিজস্ব চিত্র।

ভাইয়ের হাতে খুন হলেন দাদা। নেপথ্যে পুকুরের দখলদারি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বহড়ু এলাকায়। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই পলাতক অভিযুক্ত।

Advertisement

মৃতের নাম দুধকুমার বৈদ্য। তাজপুর মিঠানি গ্রামের বাসিন্দা তিনি। পরিবার সূত্রে দাবি, মঙ্গলবার রাতে ব্যবসার কাজ সেরে রাতে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন দুধকুমার। বাড়ি থেকে কিছুটা দূরে পথ আটকান তাঁর খুড়তুতো ভাই নিমাই বৈদ্য। অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই দুধকুমারকে সাইকেল থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দুধকুমার। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, একটি পুকুরের মালিকানা এবং মাছ ধরা নিয়ে দীর্ঘ দিন ধরে দুধকুমার বৈদ্য এবং তাঁর কাকার ছেলে নিমাইয়ের মধ্যে বিবাদ চলছিল। গত রবিবার ওই পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তীব্র বচসা এবং গন্ডগোল হয়। তার পর থেকে দুই পরিবারের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। স্থানীয়দের মতে, সেই অশান্তির জেরেই খুন হতে হল দুধকুমারকে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বুধবার সকাল থেকেই মৃতের বাড়ির সামনে ভিড় জমাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। মৃতের স্ত্রী এবং ভাই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নিমাইয়ের পাশাপাশি গা-ঢাকা দিয়েছেন তাঁর পরিবারের সদস্যেরাও।

Advertisement
আরও পড়ুন