Bardhaman BJP

‘তোলাবাজি করিনি’! দলের বিরুদ্ধেই সুর চড়ালেন বর্ধমানের বিজেপি প্রার্থী, বেঁচে যাওয়া নির্বাচনী টাকাও ফেরত

সমাজমাধ্যমে সঞ্জয়ের এক পোস্ট ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে বর্ধমান জেলার বিজেপি-র অন্দরে। গোটা পোস্টে তিনি কোনও নেতানেত্রীর নাম নেননি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ২১:০৮
Sanjay Das, the BJP candidate for the Bardhaman Uttar Assembly constituency, has raised his voice against extortion

বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। ছবি: সংগৃহীত।

নির্বাচনী প্রচারে খরচ করার জন্য যে টাকা দলীয় তহবিল থেকে পেয়েছিলেন, তার মধ্যে বেঁচে গিয়েছে ২৫ লক্ষ টাকা। পূর্ণাঙ্গ হিসাব দিয়ে সেই টাকা আবার দলকে ফিরিয়ে দিয়েছেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। একই সঙ্গে নাম না-করে জেলার বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে সবর হয়েছেন তিনি। সঞ্জয়ের দাবি, তাঁর নামে তোলাবাজির অভিযোগ তোলা হচ্ছে। কিন্তু সেই অভিযোগ সবৈব মিথ্যা। পাশাপাশি, এ-ও জানান, গত কয়েক দিনে তাঁর জেলায় কী ভাবে তোলাবাজি হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলার সময় এসেছে।

Advertisement

সমাজমাধ্যমে সঞ্জয়ের এক পোস্ট ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে বর্ধমান জেলার বিজেপির অন্দরে। গোটা পোস্টে তিনি কোনও নেতানেত্রীর নাম নেননি। তবে অনেকের মতে, তাঁর পোস্টের ইঙ্গিত দলীয় নেতৃত্বের দিকেই। পোস্টে তিনি জানান, কী ভাবে তাঁর বড় হওয়া। তাঁর পরিবারের আর্থিক অবস্থার কথাও বলেন। সঞ্জয়ের দাবি, তাঁর বাবা-ভাইয়েরা টোটো চালান। নিজে ঋণ নিয়ে একটা ছোট্ট ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু আপাতত সেই ব্যবসাও বন্ধ। নিজের নামে কোনও বাড়ি, সম্পত্তি নেই। এই বিষয়ে বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা-র প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।

সঞ্জয়ের দাবি, তাঁর নামে তোলাবাজির অভিযোগ তোলা হচ্ছে। কিন্তু তিনি কারও থেকে একটা টাকাও নেননি। যদি কেউ দাবি করেন, তবে ইডি, সিবিআই বা সিআইডি— যেন তদন্ত করে দেখে এবং সত্য উন্মোচন করে। এ-ও জানান, তিনি নির্বাচনী খরচের জন্য দেওয়া দলের ২৫ লক্ষ টাকা ফেরত দিয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনী খরচের ক্ষেত্রে এমন পদক্ষেপ বিরল এবং তা একটি দৃষ্টান্ত হিসেবেই দেখা হচ্ছে। বিজেপি সূত্রেও টাকা ফেরতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে দলীয় সূত্রের দাবি, বর্ধমান জেলার আরও কয়েক জন প্রার্থী নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হলেও এখনও পর্যন্ত প্রচার খরচের পূর্ণাঙ্গ হিসাব দলের কাছে জমা দেননি।

সঞ্জয়ের পোস্টকে হাতিয়ার করে ইতিমধ্যেই আসরে নেমেছে বিরোধীরা। কংগ্রেস নেতা তথা বর্ধমান দক্ষিণ কেন্দ্রের প্রাক্তন প্রার্থী গৌরব সমাদ্দার বলেন, ‘‘এখনও ক্ষমতায় আসার খুব বেশি সময় হয়নি। এর মধ্যেই যদি বিজেপির নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ওঠে, তাহলে আগামী দিনে কী হবে তা মানুষ বুঝতে পারছেন।’’ তৃণমূল নেতা দেবু টুডুও বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘‘কে কাকে চোর বলছে? বিজেপি যে বড় চোর, তা এক মাসের মধ্যেই পরিষ্কার হয়ে যাচ্ছে।’’ উল্লেখ্য, বর্ধমান উত্তর কেন্দ্র জিতেছেন তৃণমূল প্রার্থী নিশীথকুমার মালিক।

Advertisement
আরও পড়ুন