BLO Arrested

‘ভোটার’কে অপহরণের অভিযোগে বিএলও গ্রেফতার! বাইক মিললেও অপহৃত যুবকের খোঁজ নেই

পুলিশ জানিয়েছে, বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির পর নাসির নামে যুবকের জুতো দেখে চিনতে পারেন তাঁর পরিবারের লোকজন। তার পর পাশের খাল থেকে তাঁর বাইক পাওয়া যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৪

—প্রতিনিধিত্বমূলক ছবি।

‘ভোটার’কে অপহরণের অভিযোগে গ্রেফতার বুথ স্তরের এক আধিকারিক (বিএলও)। একই সঙ্গে পাকড়াও হয়েছেন সাগর গায়েন নামে আরও এক ব্যক্তি। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার ঘটনা।

Advertisement

ধৃতের নাম রিজওয়ান হাসান মণ্ডল ওরফে মন্টু। বাদুড়িয়ার পাপিলা ২২ নম্বর বুথের বিএলও হিসাবে কর্মরত তিনি। গত ৯ মার্চ নাসির মণ্ডল নামে বছর আটত্রিশের এক যুবককে এসআইআরের নথি দিয়ে যাওয়ার জন্য ফোন করে ডেকে পাঠান তিনি। অভিযোগ, নথি নিয়ে বার হওয়ার পর নাসিরের আর খোঁজ মেলেনি। পরের দিন খাল থেকে তাঁর বাইক উদ্ধার হয়। জুতোও মেলে। কিন্তু ওই যুবককে এখনও পাওয়া যায়নি। ওই ঘটনায় বিএলও-র বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে পরিবার। শুক্রবার বিএলও-কে অপহরণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

বাদুড়িয়া থানার পুলিশ জানিয়েছে, বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির পর নাসিরের জুতো দেখে চিনতে পারেন তাঁর পরিবারের লোকজন। তার পর পাশের খাল থেকে তাঁর বাইক পাওয়া যায়। শুক্রবার ধৃত বিএলও-কে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে বসিরহাট মহকুমা আদালতে হাজির করে পুলিশ। শেষমেশ আদালত ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

নাসিরের পরিবারের এক সদস্যের কথায়, ‘‘গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল ও। ফোনে নাসিরকে বলা হয়েছিল এসআইআরের জন্য আধার কার্ড এবং ভোটার কার্ডের ফটোকপি নিয়ে তখনই যেতে হবে। এইআরও পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করেছিলেন। ফোনে বলে দেওয়া ঠিকানায় গিয়েছিল নাসির। তার পর ওর মোবাইল বন্ধ পাওয়া যায়। আর বাড়ি ফেরেনি। কোনও একটা চক্রান্ত রয়েছে। বিএলও সব জানে।’’

পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়।

Advertisement
আরও পড়ুন